প্রশাসনের কেন্দ্রবিন্দু জাতীয় সচিবালয় রাজধানীর শেরেবাংলা নগরে স্থানান্তর করা হচ্ছে। বাণিজ্য মেলার স্থানে ৩৮ একর জমিতে নতুন এ সচিবালয় নির্মাণ করা হবে। এর ভবনগুলো নির্মিত হবে আধুনিক ‘করপোরেট’ কায়দায়। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে এক হাজার ৩২৬ কোটি টাকা। ইতিমধ্যে প্রকল্প প্রস্তাব চূড়ান্ত করেছে গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়। চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাবটি আজ সোমবারই পরিকল্পনা কমিশনে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।মন্ত্রণালয় সূত্র জানায়, পাকিস্তান আমলে মার্কিন স্থপতি লুই আই কানের করা নকশাকে ভিত্তি করে নির্মিত হবে নতুন সচিবালয়। জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই কান শেরেবাংলা নগরে ‘দ্বিতীয় রাজধানীর’ যে নকশা করেছিলেন, এটি তারই অংশ। নানা কারণে ওই পরিকল্পনার কখনোই আর সম্পূর্ণ বাস্তবায়ন করা হয়নি। বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তর ও অধিদপ্তরের যেসব শাখা অফিস রয়েছে, তা স্থানান্তর করা হবে বর্তমান সচিবালয়ে। এ ব্যাপারে জানতে চাইলে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘শেরেবাংলা নগরে সচিবালয় স্থাপন করা হলে জায়গার যে সংকট রয়েছে, তা দূর হবে। এ ছাড়া মন্ত্রণালয়গুলোর মধ্যে কাজের সমন্বয় হবে। আশা করছি, সোমবার আমরা এ প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠাব। সব প্রক্রিয়া শেষ করে আগামী বছরের শুরুতে প্রকল্পের নির্মাণকাজ শুরু করা হবে।’মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, তিন বছরে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। স্থানের সংকট ছাড়াও সচিবালয় কমপ্লেক্সের কয়েকটি ভবন বেশ পুরোনো। এগুলোর কাঠামো তুলনামূলক নিরাপদ আরসিসি পদ্ধতিতে নির্মিত নয়। বিশেষজ্ঞদের মতে, ওই ভবনগুলোর রিখটার স্কেলে ৬ বা ৭-এর মতো শক্তিশালী ভূমিকম্প সহ্য করার ক্ষমতা নেই।সূত্রমতে, পরিকল্পনা কমিশনের অনুমোদনের পরই প্রস্তাবটি যাচাইয়ের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উত্থাপন করা হবে। আগামী জানুয়ারি থেকেই এ প্রকল্পের কাজ শুরু করার পরিকল্পনা থাকলেও একই সময় শেরেবাংলা নগরের ওই খালি জায়গায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা হবে বলে নির্মাণকাজ শুরু হবে ফেব্রুয়ারি থেকে। পুরো কাজ শেষ হবে ২০১৩ সালের জুলাই মাসে।জানা গেছে, বর্তমান সচিবালয়ে স্থান সংকুলান হয় না বলে কয়েকটি মন্ত্রণালয় সচিবালয়ের বাইরে স্থাপন করা হয়েছে। এ ছাড়া অনেক মন্ত্রণালয়ের কোনো কোনো বিভাগ ও শাখাও ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বিভিন্ন জায়গায়। এর ফলে কাজের সমন্বয়ে সমস্যা হচ্ছে। সূত্র জানায়, নতুন সচিবালয় অঙ্গনে চারটি নয়তলা ভবন নির্মাণ করা হবে। মোট ১০টি ব্লকে এ চারটি ভবনের পাশে নির্মাণ করা হবে দুটি সহযোগী ভবন। এ ছাড়া থাকবে মিলনায়তন, কনফারেন্স হল, ব্যাংক, ডাকঘর, মসজিদ ও গাড়ি পার্কিংয়ের স্থান। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, পাকিস্তান আমলে জাতীয় সংসদ ভবন নির্মাণের নকশা করার সময় একই সঙ্গে শেরেবাংলা নগরে জাতীয় সচিবালয় স্থাপনের নকশা করেন লুই কান। লুই কানের প্রতিনিধি ডেভিড উইজডম অ্যান্ড অ্যাসোসিয়েটসের সঙ্গে এ নিয়ে চুক্তিও হয়। কিন্তু বিষয়টি আর এগোয়নি। সূত্রমতে, লুই কানের নকশায় কিছুটা পরিবর্তন এনে জাতীয় সচিবালয় নির্মাণ করা হবে। সচিবালয় কমপ্লেক্স নির্মিত হচ্ছে বলে ২০১২ সাল থেকে বাণিজ্য মেলা জাতীয় প্যারেড গ্রাউন্ড অথবা পূর্বাচল লিংক রোডের পাশে অনুষ্ঠিত হবে। গৃহায়ণ ও গণপূর্তসচিব খোন্দকার শওকত হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, মুক্তিযুদ্ধের পর শেরেবাংলা নগরে নতুন সচিবালয় স্থাপনের পরিকল্পনা হাতে নেওয়া হলেও বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর এ প্রকল্প ঝুলে যায়। পরে এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলেও মূল নকশা থেকে সরে আসার কারণে তা আর বাস্তবায়িত হয়নি। সচিব বলেন, স্থপতি লুই কানের নকশা অনুযায়ীই পুরো সচিবালয় নির্মাণ করা হবে। তবে ভেতরের নকশা করা হবে সমকালীন। নতুন সচিবালয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী-সচিব ছাড়া অন্য কর্মকর্তাদের জন্য ভবনের একই তলায় বসার ব্যবস্থা করা হবে।