সচিবালয়েও খেলার আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া কাপের বাংলাদেশ-পাকিস্তানের ফাইনাল খেলা নিয়ে সারা দেশের মতো সরকারের প্রাণকেন্দ্র সচিবালয়েও লেগেছে উত্সবের ছোঁয়া।আজ বৃহস্পতিবার সচিবালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর কক্ষে গিয়ে দেখা যায়, খেলা উপলক্ষে অনেকেই আয়েশি ভঙ্গিতে কাজ করছেন। কেউবা বাসায় বসে টেলিভিশনে খেলা দেখার জন্য আগে আগেই অফিস থেকে চলে যাচ্ছেন। আবার কেউবা অফিসে বসেই টেলিভিশনে খেলা দেখছেন।সংশ্লিষ্টদের কয়েকজন বলেন, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে এমনিতেই অনেকে আগে আগে চলে যান। এর মধ্যে আজকে ফাইনাল খেলা থাকায় আগে চলে যাওয়ার সংখ্যাটা আরও বেড়েছে। আইন মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয়ে দেখা গেছে, যাঁদের কক্ষে টেলিভিশন আছে তাঁরা এখন থেকেই টেলিভিশন খুলে ক্রিকেট ম্যাচ নিয়ে সম্প্রচার করা অনুষ্ঠানগুলো দেখছেন। দেখা গেছে, অন্যান্য দিনের তুলনায় আজ কাজও অনেকটা কম। সেই সঙ্গে খেলার কারণেই দর্শনার্থীদের ভিড়টা অন্যান্য দিনের চেয়ে তুলনামূলক বেশ কম।