সচিবের বিরুদ্ধে রংপুরের মেয়রের অভিযোগ
স্থানীয় সরকারের সচিব আবু আলম শহিদ খানের বিরুদ্ধে দলীয়করণ ও নিয়মভঙ্গের অভিযোগ তুলেছেন রংপুরের মেয়র সরফুদ্দীন আহম্মেদ। উদ্দেশ্যমূলকভাবে তাঁর শপথ অনুষ্ঠান বিলম্বিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন রংপুরের মেয়র।আজ সোমবার শহরের গুপ্তপাড়ায় নিজ বাড়ির সামনে নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন রংপুরের মেয়র।এ ব্যাপারে স্থানীয় সরকারের সচিব আবু আলম শহিদ খান প্রথম আলো ডটকমকে বলেন, রংপুরের মেয়রের শপথের জন্য সময় চেয়ে ফাইলটি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। সময় পেলে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে শপথ অনুষ্ঠান করবেন।রংপুরে সংবাদ সম্মেলনে মেয়র অভিযোগ করেন, গতকাল রোববার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ পৌরসভার শ্যামাসুন্দরী খাল সংস্কারসহ ব্রিজ, কালভার্ট নির্মাণ ও সংস্কার বাবদ উন্নয়নমূলক কর্মকাণ্ডের সোয়া তিন কোটি টাকা রংপুরের প্রধান কার্যালয়ে স্থানান্তর করেছে। মেয়রের দাবি, ওই টাকা পৌরসভার একেবারে নিজস্ব ছিল। সেটি রংপুরের প্রধান কার্যালয়ে স্থানান্তরের নিয়ম নেই।মেয়র অভিযোগ করেন, রংপুরের সাবেক মেয়র এ কে এম আবদুর রউফের সঙ্গে স্থানীয় সরকারের সচিব আবু আলম শহিদ খানের সখ্য রয়েছে। উন্নয়ন প্রকল্পের কাজ যাতে বর্তমান মেয়র করতে না পারেন, সে কারণে এই টাকা স্থানান্তর করা হয়েছে। সাবেক মেয়রের সঙ্গে যোগসাজশ করে সচিব রংপুরের মেয়রের শপথ গ্রহণ অনুষ্ঠানও বিলম্বিত করছেন বলে অভিযোগ করেন তিনি।রংপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, তাঁদের কাছে প্রকল্পের টাকা রংপুরের প্রধান কার্যালয়ে স্থানান্তর করতে স্থানীয় সরকারের পক্ষ থেকে নির্দেশ এসেছে। সে অনুযায়ী তাঁরা টাকা স্থানান্তর করেছেন। মেয়র সরফুদ্দীন বলেন, উন্নয়ন প্রকল্পের টাকা যদি আগামী বুধবারের মধ্যে ফেরত পাঠানো না হয়, তাহলে তিনি ওই দিন কাউন্সিলরদের নিয়ে পাবলিক লাইব্রেরির মাঠে সমাবেশ করবেন। গত ২০ ডিসেম্বর সরফুদ্দীন আহম্মেদ রংপুরের মেয়র নির্বাচিত হন।