সচেতন করতে তালা দিতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, মানুষকে সচেতন করতেই স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ঈদের ছুটিতে খালি বাসাবাড়ি ও দোকানপাটে তালা দিতে বলেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এই বক্তব্য নেহাত সতর্কতামূলক। অথচ বিরোধী দল এই কথার দোষ ধরতে উঠেপড়ে লেগেছে। খবর বাসসের।আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘সাধারণ মানুষের সেবাই হোক রাজনীতির মূলমন্ত্র’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে সার্ক কালচারাল সোসাইটি।কামরুল ইসলাম বলেন, ঈদের দীর্ঘ ছুটিতে অনেক মানুষ ঢাকা ছেড়ে যাবে। এ সময় নিরাপত্তার সমস্যা থাকে। তাই স্বরাষ্ট্রমন্ত্রী মানুষকে সচেতন করার জন্যই ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার আগে তালা মেরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি কখনোই দায়িত্বে অবহেলার কথা বলেননি।যেকোনো সময়ের চেয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো—এ দাবি করে আইন প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপির নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করছেন। তাঁরা তার আগে নিজেদের চেহারা আয়নার দেখুন, আত্মসমালোচনা করুন।’ বিরোধী দলের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে কামরুল ইসলাম বলেন, নৈরাজ্য সৃষ্টির জন্য বিরোধী দল নানাভাবে ষড়যন্ত্র করছে। সবাই ঐক্যবদ্ধ থেকে তাঁদের এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।সংগঠনের চেয়ারম্যান সৈয়দ আবুল হোসেন বাবলার সভাপতিত্বে সভায় সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, মহাসচিব সুজন দে প্রমুখ বক্তব্য দেন।