অভাবী মানুষের কিডনি বিক্রির ঘটনা খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটি গতকাল শুক্রবার জয়পুরহাটের কালাইয়ের একাধিক গ্রাম পরিদর্শন করেছে। অন্যদিকে কিডনি বিক্রি বন্ধ করতে এলাকায় সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে স্থানীয় প্রশাসন।গতকাল এলাকায় গিয়ে দেখা যায়, মাত্রাই ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকে কিডনি বিক্রি না করার জন্য এলাকাবাসীকে সতর্ক করা হচ্ছে। কিডনি কেনাবেচা বন্ধে গ্রামে গ্রামে প্রতিরোধ ও সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। মাইকে প্রশাসনের পক্ষ থেকে আগামী সোমবার স্থানীয় মাত্রাই বাজারে গণসচেতনতামূলক সমাবেশের ঘোষণা দেওয়া হয়।জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাসের নেতৃত্বে তদন্ত দল গতকাল দুপুরে কিডনি বিক্রি হওয়া গ্রামগুলো পরিদর্শন করে। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে গঠিত ওই দলে সিভিল সার্জন, উপজেলা চেয়ারম্যান, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কালাই থানার পরিদর্শক (তদন্ত) ছিলেন। অশোক কুমার বিশ্বাস প্রথম আলোকে জানান, কিডনি বিক্রির বিষয়ে প্রথম আলোর প্রতিবেদনের ব্যাপারে সরকারের উচ্চমহল জানতে চাওয়ায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।গত মঙ্গলবার প্রথম আলোয় কালাই উপজেলার ১৮টি গ্রামের ২০০ অভাবী মানুষের কিডনি বিক্রির বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়। তাতে ঋণগ্রস্ত মানুষ কীভাবে দালাল চক্রের হাতে পড়ে গত পাঁচ বছরে ঢাকার নামকরা হাসপাতালে কিডনি বিক্রি করেছেন, তার বর্ণনা ছিল। একই দিনে এলাকায় পুলিশি অভিযান ও একাধিক দালাল গ্রেপ্তার হওয়ার পৃথক প্রতিবেদন ছিল। তার আগে একটি বেসরকারি টিভি চ্যানেল এ বিষয়ে সংবাদ প্রচার করেছিল।জেলা প্রশাসনের পক্ষ থেকে সিভিল সার্জনের নেতৃত্বে চিকিৎসা দল গঠনের কথা জানানো হয়েছে। আগামী সোমবার চিকিৎসা দলটি মাত্রাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ দেবে। প্রত্যেক কিডনি বিক্রেতার পৃথক চিকিৎসা নথি খোলা হবে। কারও উন্নত চিকিৎসার প্রয়োজন হলে প্রশাসন তা নিশ্চিত করবে।তদন্ত দলের সদস্যরা ভুক্তভোগী কিডনি বিক্রেতা ও এলাকাবাসীর সঙ্গে গতকাল কথা বলেন। প্রশাসকের পক্ষ থেকে এ সময় বলা হয়, দালাল ছাড়া কাউকে হয়রানি করবে না প্রশাসন। কিডনি বেচাকেনায় জড়িত দালাল, দোষী বেসরকারি সংস্থা, কিডনি প্রতিস্থাপনে জড়িত হাসপাতাল ও চিকিৎসকদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ভুক্তভোগীরা দারিদ্র্য বিমোচনের নামে কিছু এনজিওর জুলুম-নির্যাতনের কথা তুলে ধরেন। কেউ কেউ অভিযোগ করেন, এনজিওর চাপে পড়েই তাঁরা কিডনি বিক্রীতে বাধ্য হয়েছেন।তদন্ত দলের প্রধান তাদের বলেন, ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার নামে কোনো এনজিও গরিব মানুষকে অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রিতে বাধ্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।সেলিনার উঠানে তদন্ত দল: মাত্রাই ইউনিয়নের ভেরেন্ডি গ্রামের সেলিনা বেগম ও মেহেরুল ইসলামের দরিদ্র পরিবারে সদস্য পাঁচজন। তাঁদের চারজন টাকার বিনিময়ে একটি করে কিডনি বিক্রি করে দিয়েছেন। তদন্ত দল তাঁদের বাড়িতে যায়। টিনের বেড়ার তৈরি ভাঙা কুঁড়েঘরে তাঁদের বাস। উঠানে গোয়ালঘর, সেখানেই খাবার ও রান্নার ব্যবস্থা। জেলা প্রশাসক জানতে চান, কেন চারজন কিডনি বিক্রি করলেন। মেহেরুল তদন্ত দলকে পরিবারটির এনজিওদের ঋণের জালে আটকে পড়ার কাহিনি শোনান। একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন সেলিনা। তদন্ত দলকে তিনি বলেন, স্বামী-স্ত্রীর একটি করে কিডনি বিক্রির টাকা দিয়েও এনজিওর ঋণ শোধ হয়নি। তাই অন্য দুজনও বিক্রি করতে বাধ্য হয়।তদন্ত দলের সদস্যরা এলাকায় কয়েকটি উঠোন বৈঠক ও সমাবেশে কিডনি বিক্রির ক্ষতিকর দিক তুলে ধরে বক্তব্য দেন। এরপর মাত্রাই ইউনিয়নের উলিপুর চৌমুহনী বাজার, ভেরেন্ডি গ্রামে কয়েকটি সমাবেশ ও উঠোন বৈঠকে বক্তব্য দেন তাঁরা।কিডনি বেচাকেনায় সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তারকৃত তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। অন্যদিকে গ্রেপ্তার এড়াতে দালাল চক্রের অন্য সদস্যরা এলাকা ছেড়ে পালিয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে। কিডনি কেনাবেচায় জড়িত স্থানীয় ও ঢাকার ১৩ দালালসহ অজ্ঞাত আরও অনেককে আসামি করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গত মঙ্গলবার নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।