সচেতন নারীরাই ধর্মব্যবসায়ীদের তৎপরতা রুখে দেবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পবিত্র ইসলাম ধর্ম, নারী ও পুরুষের বৈষম্যকে স্বীকার করে না। কিন্তু এক শ্রেণীর ধর্মব্যবসায়ীরা ঘোষিত নারীনীতির ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজ মঙ্গলবার চট্টগ্রাম নগরের উত্তর পাহাড়তলির আরেফিন নগরে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা আরও বলেন, দেশের নারী সমাজ ও সচেতন নাগরিকেরা ধর্মব্যবসায়ীদের অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তিনি আরও বলেন, নারীদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। তাঁদের এগিয়ে নিতে আরও সুযোগ সৃষ্টি করা হবে। একটু সুযোগ পেলেই নারীরা প্রমাণ করতে পারবে যে তাঁরা পুরুষের তুলনায় কোনো অংশেই কম নয় বরং অনেকাংশেই বেশি এগিয়ে। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও যুক্তরাজ্যের সাবেক ফার্স্ট লেডি চেরি ব্লেয়ার, বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এনজিওজি ওকোনজো আইওয়েলা এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর কামাল আহমেদসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা বক্তব্য দেন।পাসপোর্ট অফিস উদ্বোধনপ্রধানমন্ত্রী পরে বন্দর নগরীর ডিটি রোডে নবনির্মিত পাসপোর্ট ও ভিসা ভবনের উদ্বোধন করেন। তিনি বলেন, এই ভবনের উদ্বোধনের মাধ্যমে চট্টগ্রামবাসীর অনেক দিনের একটি দাবি পূরণ হলো। পাসপোর্ট ও ভিসার জন্য তাদের আর দূরে গিয়ে দুর্ভোগ পোহাতে হবে না।অনুষ্ঠানে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। ভবনটি সম্পর্কে প্রধানমন্ত্রীকে তথ্য জানান স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, চট্টগ্রামের সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাংসদ আখতারুজ্জামান বাবু প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।