সচেতন মহলের বক্তব্য
হাসপাতালে ন্যূনতম সেবা পাওয়া যায় না: বরগুনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ (অব.) রাজিয়া বেগম বলেন, ‘বরগুনা এমনিতেই যোগাযোগের ক্ষেত্রে পশ্চাৎপদ, তার ওপরে এখানের অধিকাংশ মানুষের অর্থনৈতিক অবস্থা তেমন স্বচ্ছল নয়। যে কারণে বেশির ভাগ মানুষকে সরকারি হাসপাতালের চিকিৎসার ওপর নির্ভর করতে হয়। কিন্তু এখন জেলার হাসপাতালগুলোর চিকিৎসাসেবা এতটাই ভেঙে পড়েছে যে সেখানে ন্যূনতম সেবা পাওয়া যায় না।’ সরকারের উদাসীনতা খুবই দুঃখজনক: বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার দাস বলেন, ‘জেলার হাসপাতালগুলোয় চিকিৎসক সংকট নতুন কিছু নয়। আমরা যুগ যুগ ধরে এ সংকট নিরসনে আন্দোলন-সংগ্রাম করেছি। কিন্তু এটার কোনো সমাধান হয়নি। কিন্তু চিকিৎসাসেবার মতো একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের এই উদাসীনতা খুবই দুঃখজনক। বর্তমানে জেলায় ১৩৬ জন চিকিৎসকের স্থলে মাত্র ২৭ জন চিকিৎসক কর্মরত আছেন। তার ওপরে কর্মরত চিকিৎসকেরা ক্লিনিক ব্যবসা ও প্রাইভেট প্র্যাকটিসে ব্যস্ত থাকেন। জেলার স্বাস্থ্যসেবার ব্যবস্থা যে কতটা নাজুক তা চিকিৎসকের সংখ্যা দেখেই প্রমাণ পাওয়া যায়।’ চিকিৎসকেরা আন্তরিকভাবে সেবা দিলে মানুষের চিকিৎসার অধিকার নিশ্চিত করা যায়: বরগুনা জেলা আইনজীবী সমিতির সভাপতি আ. মোতালেব মিয়া বলেন, ‘জেনারেল হাসপাতালসহ জেলার সবগুলো হাসপাতালে চিকিৎসাসেবার যে নাজুক পরিস্থিতি বিরাজ করছে তাতে সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার ক্রমশ নাগালের বাইরে চলে যাচ্ছে। যাঁরা বিত্তবান তাঁদের ঢাকা-বরিশাল কিংবা বরগুনার ক্লিনিকগুলোয় চিকিৎসা নেওয়ার সামর্থ্য থাকলেও সামর্থ্যহীন বেশির ভাগ মানুষের সরকারি হাসপাতালই একমাত্র ভরসাস্থল। কিন্তু এখন বলতে গেলে সরকারি হাসপাতালে ন্যূনতম চিকিৎসার সুযোগ নেই। এতে যেমন চিকিৎসক ও অন্যান্য সরঞ্জামের অভাব আছে, তেমনি চিকিৎসকদের সদিচ্ছারও অভাব রয়েছে। কারণ, সরকারি হাসপাতালগুলোয় ন্যূনতম যে সুযোগ-সুবিধা রয়েছে তা যথাযথভাবে কাজে লাগিয়ে চিকিৎসক-কর্মচারীরা আন্তরিকভাবে সেবা দিলে মানুষের চিকিৎসার অধিকারটুকু এখনো নিশ্চিত করা যায়।’