সচেতন হোন সতর্ক থাকুন
গাড়ি বিষয়ে যাঁরা জানেন, বোঝেন, তাঁদের একটাই কথা, ‘আপনার গাড়ি আপনাকেই দেখে রাখতে হবে, এর কোনো বিকল্প নেই।’ গাড়ির মালিকদের কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন—গাড়ির টায়ারে ক্রমিক সংখ্যা দেওয়া থাকে। নতুন অবস্থাতেই এ সংখ্যাগুলো লিখে নিজের কাছে সংরক্ষণ করুন। কেননা, টায়ার পাল্টালে এই সংখ্যা কোনোমতেই মিলবে না। একইভাবে ব্যাটারির শরীরে খোদাই করা সংখ্যাটি টুকে রাখুন। কিংবা স্থায়ী কালির মার্কার দিয়ে কিছু একটা লিখে রাখুন, যাতে আপনার হাতের লেখা দেখে নিজেই চিনতে পারেন। নিয়মিত গাড়ির সিট, মেঝে ও মাইলমিটার খেয়াল করুন। যদি গাড়ির কোথাও অস্বাভাবিক কিছু পড়ে থাকতে দেখেন, কিংবা যদি মনে হয় মিটারে স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে দূরত্ব দেখাচ্ছে, তাহলে খতিয়ে দেখুন। আর কখনোই চালকের হাতে লম্বা সময়ের জন্য গাড়ি ছেড়ে দিয়ে হাত-পা গুটিয়ে বসে থাকবেন না। মাঝেমধ্যে গাড়ির খোঁজখবর করুন।২০০৯ সালের এপ্রিল থেকে গাড়িচালকদের ছবি ও ব্যক্তিগত তথ্য সংগ্রহের একটি উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ প্রসঙ্গে ডিএমপির সহকারী কমিশনার (অপারেশন) নজরুল ইসলাম বলেন, ‘তথ্য ফরম পূরণের মাধ্যমে মালিকদের তাঁর গাড়ির চালক সম্পর্কে সব তথ্য স্থানীয় থানায় জমা দেওয়া উচিত। তাহলে কোনো কিছু ঘটলে সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া আমাদের জন্য সহজ হবে।’এ ছাড়া গাড়ির মালিক ও চালক উভয়ের উদ্দেশেই তিনি বলেন, ‘প্রত্যেক মালিকের উচিত তাঁর গাড়ি ও গাড়িচালক সম্পর্কে নিয়মিত খোঁজখবর নেওয়া। এতে করে গাড়ির নিরাপত্তা নিশ্চিত হয়। আর চালকদেরও একটা জিনিস বোঝা উচিত, যাকে-তাকে গাড়িতে তুললে তাঁদেরই বিপদ সবচেয়ে বেশি। কেননা, সেই ব্যক্তি যদি দুর্বৃত্ত হয়, তবে চালককে মেরে কিংবা আহত করে গাড়িটা ছিনতাই করে নিয়ে যাবে। তাই নিজের নিরাপত্তার স্বার্থেই গাড়ির চালকদের উচিত রাস্তাঘাট থেকে গাড়িতে লোকজন না তোলা।’চালকদের সাফাই গাড়ির তেল চুরি, যাত্রী ওঠানো ইত্যাদি অনিয়মের ব্যাপারে কয়েকজন চালকের সঙ্গে কথা বললে তাঁরা জানান, এ কাজে খাটনি বেশি, বেতন কম। সারা দিন ‘ডিউটি’ দিতে হয়, অথচ সেই তুলনায় বেতন সামান্য। ঈদে-পার্বণে বোনাস মেলে না। সে জন্যই সংসার চালাতে গিয়ে একটু সুখ-স্বাচ্ছন্দ্যের জন্য তাঁদের এসব করতে হয়।