সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক লাখ প্রচারপত্র বিলির সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধ করতে রেলওয়ে কর্তৃপক্ষ এক লাখ প্রচারপত্র বিলির সিদ্ধান্ত নিয়েছে। প্রচারণায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে সম্পৃক্ত করারও উদ্যোগ নেওয়া হয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে রেলওয়ে কর্তৃপক্ষ প্রচারণা শুরু করবে।১০ আগস্ট ঢাকাগামী আন্তনগর তূর্ণা সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকা অতিক্রম করার সময় দুর্বৃত্তরা ট্রেনটিতে পাথর নিক্ষেপ করে। এ সময় একটি পাথর নারী প্রকৌশলী প্রীতি দাশের মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান। এ ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ পাথর নিক্ষেপ বন্ধ করতে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেয়।রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. তাফাজ্জল হোসেন বলেন, ‘সচেতনতা সৃষ্টির জন্য নানা পদক্ষেপ নেওয়া সত্ত্বেও চলন্ত ট্রেনে বাইরে থেকে পাথর নিক্ষেপের ঘটনা বন্ধ করা যাচ্ছে না। তাই আমরা স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সম্পৃক্ত করে প্রচারণা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। পাথর নিক্ষেপ বন্ধ করতে হলে জনপ্রতিনিধিদের অবশ্যই ভূমিকা রাখতে হবে। এ জন্য আমরা তাঁদের সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছি।’রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. বেলাল উদ্দিন বলেন, ‘পাথর নিক্ষেপ বন্ধ করতে আমরা আগেও প্রচারপত্র বিলি এবং মাইকিং করেছি। প্রথম ধাপে ১৫ হাজার প্রচারপত্র বিলি করা হবে। প্রচারপত্রে পাথর নিক্ষেপের আইনের ধারা ও শাস্তির বিষয়টিও উল্লেখ থাকবে। সেপ্টেম্বরের প্রথম দিকেই আমরা রেলওয়ে নিরাপত্তা সপ্তাহ পালনের পরিকল্পনা নিয়েছি।’