সচেতনতাই এনে দিতে পারে পথচারীদের নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পথচারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ রোববার বেলা ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত প্রথম আলো ও ঢাকা মহানগর পুলিশের যৌথ উদ্যোগে রাজধানীর বাংলা মোটর এলাকায় ব্যতিক্রমধর্মী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঝুঁকি নিয়ে রাস্তা পার না হয়ে দুর্ঘটনা এড়াতে পথচারীদের ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হতে উদ্বুদ্ধ করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, সংগীতশিল্পী মেহরীন ও চিত্রনায়ক ইমন উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা লোকজনকে রাস্তা সরাসরি পার না হয়ে ফুটওভার ব্রিজ ব্যবহার করতে উত্সাহিত করেন। একই সঙ্গে যাঁরা ওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হচ্ছেন, তাঁদেরকে ধন্যবাদ জানানো হয় এবং একটি করে প্রথম আলোর চাবির ছড়া উপহার দেওয়া হয়।এ সময় বন্ধুসভার সদস্যরা বিভিন্ন স্লোগান-সংবলিত প্লাকার্ড বহন করেন। এ ছাড়া পুলিশ হ্যান্ড মাইকে সচেতনতামূলক বিভিন্ন স্লোগানও প্রচার করে।এ ব্যাপারে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘জীবনটা আমার, আমাকেই সচেতন হতে হবে। অনেক ওভার ব্রিজে সমস্যা আছে এটা ঠিক, তার পরও দুর্ঘটনা এড়াতে আমাদের অবশ্যই ওভার ব্রিজ ব্যবহার করতে হবে।’ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক বলেন, মারধর করে কাউকে ফুটওভার ব্রিজ ব্যবহার করানো সম্ভব নয়। নিজের স্বার্থে নিজেই এটা করতে হবে।প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘গত বছর প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের এই জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’