সচেতনতার অভাবে এগোচ্ছে না আইনগত সহায়তা কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনসচেতনতার অভাবে সরকারি আইনি সহায়তা কার্যক্রম এগোতে পারছে না। অর্থাভাবে অনেক দরিদ্র লোক আইনি সহায়তা থেকে বঞ্চিত হলেও সরকারি সাহায্য তহবিলের অর্থ অব্যয়িত থেকে যাচ্ছে। সরকারের এই কার্যক্রম সম্পর্কে বেশির ভাগ মানুষই জানে না। এ কারণে বিষয়টির প্র্রচার ও প্রসারের উদ্যোগ নেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা জেলা কমিটিগুলোতে যে অনুদান দেয়, তা অনেক ক্ষেত্রেই অব্যয়িত থেকে যায়। এই তহবিলের আওতায় ২০০৯ ও ২০১০ সালে ৬৪টি জেলায় এক কোটি টাকা করে বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ২০০৯ সালে ব্যয় হয় ৬৭ লাখ ৯২ হাজার ৬৮৯ টাকা। পরের বছর ব্যয় হয় ৭৩ লাখ ৯৩ হাজার ৫৯৬ টাকা। এ ছাড়া সুপ্রিম কোর্টে আইনি সহায়তায় নিয়োজিত ব্যক্তিদের ২০০৯ সালে দুই লাখ এবং ২০১০ সালে তিন লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। চলতি বছরের বরাদ্দের মধ্যে এ পর্যন্ত ব্যয়ের অঙ্ক ৫০ লাখ।এ ব্যাপারে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম গত সোমবার প্রথম আলোকে বলেন, ২০০১ সালের পর সংস্থার কার্যক্রম ছিল স্থবির। গত দুই বছরে আইনগত সহায়তা কার্যক্রমে অগ্রগতি হয়েছে। আইনি সহায়তার জন্য প্রতিকার চেয়ে করা আবেদন ও এর নিষ্পত্তির হার বেড়েছে। জেলাগুলোর কার্যক্রম প্রশ্নে তিনি বলেন, জেলাগুলোতে সংস্থার নিজস্ব কোনো কার্যালয় ও লোকবল নেই। ২০০১ সালে আইনি সহায়তা কার্যক্রম শুরু হলেও জনগণ এখনো বিষয়টি সম্পর্কে তেমন সচেতন নয়। এ জন্য তহবিলের অর্থ পুরোপুরি ব্যয় হচ্ছে না। পরিচালক জানান, জেলাগুলোতে সংস্থার জন্য কার্যালয় ও সার্বক্ষণিক লোকবল নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া আইনি সহায়তা বিষয়ে সচেতনতা বাড়াতে প্রচারমাধ্যমসহ বিভিন্ন উপায়ে প্রচারণা চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।২০০০ সালে আর্থিকভাবে অসচ্ছল, সহায়সম্বলহীন ও নানাবিধ আর্থসামাজিক কারণে বিচার পেতে অসমর্থ জনগণকে সরকারি খরচে আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন-২০০০’ করা হয়। ওই আইন অনুসারে ২০০১ সালে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা গঠন করা হয়। তবে নানা কারণে সূচনাকাল থেকে দীর্ঘ সময় সংস্থার কার্যক্রম মূলত স্থবির ছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জন্য আলাদা কার্যালয় প্রতিষ্ঠা করা হয়।কার্যক্রমের অগ্রগতি: বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, ৬৪টি জেলায় গত বছর সহায়তা চেয়ে ১১ হাজার ২৬৬টি আবেদন পড়ে। এর মধ্যে পাঁচ হাজার ৫০৬টি মামলার মীমাংসা হয়েছে। আগের বছর আবেদন পড়ে নয় হাজার ১৬০টি। এর মধ্যে নিষ্পত্তি হয় তিন হাজার ৫২৪টির। এই হিসাবে মোট অগ্রগতির হার ৫৬ শতাংশ। এ ছাড়া ২০১০ সাল পর্যন্ত সুপ্রিম কোর্টে প্যানেল আইনজীবীদের মাধ্যমে এক হাজার ৬৮টি জেল আপিল মামলায় আইনগত সহায়তা করা হয়েছে।আইনগত সহায়তার আওতায়: নীতিমালা অনুযায়ী ‘অসচ্ছল বা আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তি’ এই সহায়তা পাবেন। এর মাধ্যমে এমন ব্যক্তিকে বোঝাবে, যাঁর বছরে গড় আয় ৩০ হাজার টাকার বেশি নয়। এ ছাড়া আংশিক কর্মক্ষম, কর্মহীন মুক্তিযোদ্ধা, বয়স্ক ভাতা পাচ্ছেন এমন ব্যক্তি, ভিজিডি কার্ডধারী দুস্থ মাতা, পাচারের কারণে ক্ষতিগ্রস্ত নারী, এসিডদগ্ধ নারী বা শিশু, আদর্শগ্রামে গৃহ বা ভূমি বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি, অসচ্ছল বিধবা, স্বামী পরিত্যক্তা, দুস্থ নারী, উপার্জনে অক্ষম ও সহায়-সম্বলহীন প্রতিবন্ধী, অসচ্ছলতার কারণে আদালতে আত্মপক্ষ সমর্থনে অসমর্থ, বিনা বিচারে আটক ব্যক্তি ও কারা কর্তৃপক্ষের সুপারিশকৃত আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিরা এই সুবিধার অধিকারী হবেন।সহায়তা যাঁরা দেবেন: আইনগত সহায়তা প্রদানের জন্য জাতীয় সংস্থার অধীনে ৬৪টি জেলায় ‘জেলা আইনগত সহায়তা প্রদান’ কমিটি রয়েছে। সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য জাতীয় সংস্থা নিয়মিতভাবে জেলা আইনগত সহায়তা কমিটির নামে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়। জেলা কমিটির চেয়ারম্যান সংশ্লিষ্ট জেলার জেলা ও দায়রা জজ। জেলা জজকে সভাপতি করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ব্যক্তিদের সমন্বয়ে ১৯ বা ২১ জন সদস্য নিয়ে জেলা কমিটি গঠিত। জেলা সহায়তা তহবিলের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এই কমিটি। আইনগত সহায়তা দিতে প্রতিটি জেলা আইনজীবী সমিতির সদস্যদের নিয়ে একটি আইনজীবী প্যানেল রয়েছে। আরও গতিশীল করতে নানা উদ্যোগ: সংশ্লিষ্ট সূত্র জানায়, আইনগত সহায়তা প্রদান নীতিমালা ও প্রবিধানমালায় সংশোধনী আনা হচ্ছে। বর্তমান নীতিমালায় ‘অসচ্ছল বা আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তি’ বলতে বার্ষিক আয় ৩০ হাজার টাকার ঊর্ধ্বে নয়, এমন ব্যক্তিকে বোঝালেও সংশোধনীতে এই অঙ্ক অনূর্ধ্ব ৫০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে কর্মক্ষম নন, আংশিক কর্মক্ষম, কর্মহীন বা বার্ষিক ছয় হাজার টাকার ঊর্ধ্বে আয় করতে সক্ষম এমন মুক্তিযোদ্ধা সহায়তা পাওয়ার যোগ্য। এটা পরিবর্তন করে বার্ষিক ৭৫ হাজার টাকার ঊর্ধ্বে আয় করতে অক্ষম এমন মুক্তিযোদ্ধা সহায়তা পাবেন—এমন প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া আইনজীবীর ফি’র হার এক হাজার ২০০ টাকার পরিবর্তে এক হাজার ৫০০ টাকা করার প্রস্তাব রয়েছে।ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিটি জেলায় পৃথক আইনগত সহায়তার কার্যালয় করা হচ্ছে। ২০০৮ সালে এর সংখ্যা ছিল দুটি। ইতিমধ্যে ৪১টি জেলায় সংস্থার কার্যালয় রয়েছে। এই কার্যালয়ের জন্য জেলা আইনগত সহায়তা কর্মকর্তা, একজন অফিস সহকারী ও একজন পিয়ন পদ সৃষ্টির বিষয়টি প্রক্রিয়াধীন আছে।সংস্থার পরিচালক জানান, গত ২ ফেব্রুয়ারি জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কার্যক্রমের জন্য প্রবিধানমালা ২০১১ তৈরি করে। এর আওতায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আইনগত সহায়তা কমিটি গঠন করা হচ্ছে। প্রসঙ্গত, তিনি বলেন, তৃণমূল পর্যায়ে আইনগত সহায়তার চেয়ে আইনি পরামর্শ বেশি প্রয়োজন হয়।