সচেতনতার জন্য পাঠ্যপুস্তকে ইভ টিজিং অন্তর্ভুক্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, ইভ টিজিং সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য পাঠ্যপুস্তকে বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। আগামী শিক্ষাক্রম পরিমার্জনের সময় এ বিষয়টি বিবেচনা রেখে শিক্ষাক্রম প্রণয়ন করা হবে।আজ মঙ্গলবার জাতীয় সংসদে নূর-ই হাসনা লিলি চৌধুরীর টেবিলে উত্থাপিত প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী ২০১২ সালের পাঠ্যপুস্তকে ইভ টিজিং সম্পর্কিত বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে বলে আশা প্রকাশ করেন।এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, বিগত বিএনপি জোট সরকারের সময় নিয়োগ পাওয়া জামায়াতে ইসলামীর অনুসারী শিক্ষকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইমাজ উদ্দিন প্রামাণিকের প্রশ্নের জবাবে নুরুল ইসলাম নাহিদ জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৯-১০ অর্থবছরে এক হাজার ৬২৪টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। ২০১০-১১ অর্থবছরে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করার পরিকল্পনা সরকারের রয়েছে।এ-সংক্রান্ত এক সম্পূরক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী জানান, আগামী ফেব্রুয়ারির মধ্যে প্রত্যেক সাংসদের কাছ থেকে এমপিওভুক্তির জন্য অন্তত তিনটি করে স্কুলের নাম সংগ্রহ করা হবে। ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, ২০১১ শিক্ষাবর্ষে তিন কোটি ২৪ লাখ ৭৩ হাজার ১৬৮ জন শিক্ষার্থীর জন্য ২৩ কোটি ২০ লাখ ৫৪ হাজার ২৩৪টি পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহের কাজ চলছে।