সজল খালেদের মৃতদেহ ফিরিয়ে আনবে সরকার
এভারেস্টবিজয়ী পঞ্চম বাংলাদেশি সজল খালেদের মৃতদেহ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। মাউন্ট এভারেস্টের প্রায় ২৮ হাজার ফুটের চেয়েও বেশি উচ্চতা থেকে তাঁর মৃতদেহ আনার জন্য যা করণীয় তা করা হবে বলে সরকারের পক্ষ থেকে খালেদের পরিবারকে আজ বৃহস্পতিবার জানানো হয়েছে। এ ব্যাপারে কাজও শুরু করেছে নেপালের বাংলাদেশ দূতাবাস। নেপালে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব খান মোহাম্মদ মঈনুল হোসেন আজ রাতে প্রথম আলো ডটকমকে জানান, ‘বাংলাদেশ সরকার খালেদের মৃতদেহ এভারেস্ট থেকে নামিয়ে আনার জন্য প্রয়োজনীয় খরচ দেবে। শেরপাদের সঙ্গেও কথাবার্তা শুরু হয়েছে। এই উদ্ধার অভিযানের জন্য ২/১ দিনের মধ্যেই শেরপারা এভারেস্টের উদ্দেশ্যে রওনা হবে।’সজল খালেদকে প্রথমে এভারেস্ট বেসক্যাম্পে নামিয়ে আনা হবে। পরে সেখান থেকে হেলিকপ্টারে করে কাঠমাণ্ডু এবং বিমান বাংলাদেশের উড়োজাহাজে ঢাকায় আনা হবে। খান মোহাম্মদ মঈনুল হোসেনের কাছ থেকে জানা গেছে, সজল খালেদের মৃতদেহ বেসক্যাম্প ২৯ বা ৩০ মে নাগাদ বেসক্যাম্পে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন খান মোহাম্মদ মঈনুল হোসেন। সজল খালেদের মৃতদেহ এভারেস্ট থেকে নিয়ে আসার ব্যাপারে সরকার উদ্যোগ নেবে বলে গতকাল বুধবার এক প্রেস ব্রিফিংয়ে জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বুধবার রাতে সজল খালেদের স্ত্রী তাহমিনা খান সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। সে সময় খালেদের মৃতদেহ ঢাকায় আনার ব্যাপারে সরকারকে সব রকমের সহযোগিতা করার অনুরোধ জানান তিনি। সেখানে বাংলাদেশের প্রথম নারী এভারেস্টজয়ী নিশাত মজুমদারও উপস্থিত ছিলেন। আজ সকালে সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয় বলে জানান তাহমিনা খানের ভাই নাসির খান। তিনি বলেন, ‘নেপালের বাংলাদেশ দূতাবাস থেকে যোগাযোগ করে আমাদের বলা হয়েছে, সজল খালেদের মৃতদেহ ফিরিয়ে আনার ব্যাপারে সরকার আর্থিক দিকসহ সব রকমের সহযোগিতা করবে। এ ব্যাপারে বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে উদ্ধার অভিযান পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে।’২০ মে সকালে বাংলাদেশের পর্বতারোহী ও চলচ্চিত্রকার মোহাম্মদ খালেদ হোসেন (সজল খালেদ) পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেন। এরপর নেমে আসার সময় প্রায় আট হাজার ৬০০ মিটার উচ্চতায় আকস্মিকভাবে মারা যান তিনি। তাঁর বড় ভাই শাখাওয়াত হোসেন কাল শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে সজল খালেদের জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানিয়েছেন। খালেদের স্মরণে সভাআজ ছিল বাংলাদেশের এভারেস্ট বিজয়ের তৃতীয় বার্ষিকী। ২০১০ সালের এই দিনে মুসা ইব্রাহীম প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন। তবে সজল খালেদের মৃত্যুর কারণে রাজধানীর রুশ সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে বর্ষপূর্তির অনুষ্ঠানের পরিবর্তিতে আয়োজন করা হয় সজল খালেদের স্মরণ সভা। স্মরণ সভার সঞ্চালক মুসা ইব্রাহীম সজল খালেদের এ মৃত্যুকে বীরের মৃত্যু হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘খালেদের এই মৃত্যু বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।’স্মরণসভায় বক্তৃতা করেন সংগীতজ্ঞ আজাদ রহমান, খালেদের বড় ভাই শাখাওয়াত হোসেন, মামা কামরুল ইসলাম, সেফ বিডির মশিউর রহমান, পর্বতারোহী সিরাজুল হক, সাদেক হোসেন, অভিযাত্রী জেসমিন আলী, বারিধা আলী, জিকরুল আহসান, আফতাবুর রহমান, শহীদুজ্জামানসহ অনেকে। বক্তারা সজল খালেদের মৃতদেহ এভারেস্টে থেকে দ্রুত আনার ব্যাপারে সরকারকে আহ্বান জানান। পাশাপাশি বক্তারা ভবিষ্যতে নিরাপদ পর্বতারোহণ ও অভিযান পরিচালনার ব্যাপারে সবাইকে সহযোগিতা করতে আহ্বান জানান। সজল খালেদের স্মরণসভার আয়োজক ছিল এভারেস্ট একাডেমি, নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্লাব ও ইনসাইটা ট্যুরিজম।