সজীবের ‘বেচেই দিলাম’ প্রকাশিত
প্রকাশিত হয়েছে তানভীর আলম সজীবের তৃতীয় একক অ্যালবাম। নাম ‘বেচেই দিলাম’। সজীবের প্রথম একক অ্যালবাম ‘বাড়ি কোথায় বল’ প্রকাশিত হয় ২০০৬ সালে। এরপর প্রকাশিত হয় শিল্পীর দ্বিতীয় একক অ্যালবাম ‘মন উচাটন’। প্রথম অ্যালবামের জন্য সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে সেরা নবাগত শিল্পীর পুরস্কার লাভ করেছিলেন সজীব। নজরুল সংগীতের অ্যালবাম মন উচাটনের জন্য সপ্তম সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে পপুলার চয়েস বিভাগে শ্রেষ্ঠ নজরুল সংগীতশিল্পীর পুরস্কার জেতেন তিনি। সজীবের তৃতীয় অ্যালবামটির প্রকাশনা উপলক্ষে ৩ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি স্থানীয় রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন অ্যালবামটির শিল্পী, গীতিকার, প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের স্বত্বাধিকারীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।সজীবের নতুন অ্যালবাম ‘বেচেই দিলাম’-এর মোড়ক খোলেন অভিনয়শিল্পী ও নির্মাতা শংকর সাওজাল। একটি বোনাস ট্র্যাকসহ ‘বেচেই দিলাম’ অ্যালবামে গান রয়েছে মোট ১১টি। সজীব নিজেই অ্যালবামের সবগুলো গানের সুর ও সংগীতায়োজন করেছেন। গানের কথা লিখেছেন ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। মিক্সিং ও মাস্টারিং করেছেন বুনো।অ্যালবাম প্রসঙ্গে সজীব বলেন, ‘বেচেই দিলাম’ অ্যালবামে এমন কিছু গান আছে যেগুলো কলেজে থাকা অবস্থায় তৈরি করা ছিল। তখন থেকেই চেষ্টা ছিল ভালো কিছু গান তৈরির। উল্লেখ্য, সজীব ১৯৮২ সালে নতুন কুঁড়ির মাধ্যমে কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর ১৯৮৬ সালে বুলবুল ললিতকলা একাডেমি থেকে নজরুল ও উচ্চাঙ্গ সংগীতে তালিম নেন। ১৯৯৩ সালে কম্পিউটার নেটওয়ার্কিংয়ের ওপর পড়াশোনা করতে চলে যান নিউইয়র্কে। ১৯৯৮ সালের শেষ দিকে বিষয় বদল করে সজীব সাউন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন। ২০০৬ সালে দেশে ফিরেই প্রকাশ করেন তাঁর প্রথম একক অ্যালবাম ‘বাড়ি কোথায় বল’।