সঞ্চয় ও বিনিয়োগের অপ্রতুলতা উন্নয়নের ক্ষেত্রে অন্যতম চ্যালেঞ্জ: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঞ্চয় ও বিনিয়োগের অপ্রতুলতাকে দেশের উন্নয়নের ক্ষেত্রে অন্যতম চ্যালেঞ্জ বলে অভিহিত করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) সফল প্রয়োগের ওপর জোর দেন তিনি। আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সাউথ এশিয়া নেটওয়ার্ক অব ইকোনমিক রিসার্চ ইনস্টিটিউট (এসএএনইআই) ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) যৌথ উদ্যোগে আয়োজিত ‘মাইগ্রেশন, হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন সাউথ এশিয়া’ শীর্ষক দুই দিনব্যাপী এক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের সঞ্চয় কম। যা আছে সেখানেও আবার বিনিয়োগ কম। ভারত ও মালয়েশিয়ার মতো আমাদের এগিয়ে যেতে হবে পিপিপি বাস্তবায়নের দিকে। বিনিয়োগকে জিডিপির ৩০ শতাংশে নিয়ে যেতে হবে এবং পিপিপির যথাযথ বাস্তবায়নের মাধ্যমেই তা সম্ভব।’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক টি এন শ্রীনিবাসন এবং পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিকসের সিনিয়র ফেলো মোহসিন এস খান প্রমুখ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআইডিএসের মহাপরিচালক মোস্তফা কে মুজেরি। সম্মেলনে আজ ও আগামীকাল চারটি করে অধিবেশন হবে।