সঞ্চয়পত্রের সুদ করের আওতায় এল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাজেট বক্তৃতার রাজস্ব কার্যক্রম অংশের অনেক কিছুই স্পষ্ট ছিল না। অর্থবিল এবং জাতীয় রাজস্ব বোর্ডের জারি করা বিভিন্ন প্রজ্ঞাপন পর্যালোচনা করে দেখা যাচ্ছে, এবার করের আওতা ধারণার চেয়েও ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। এতে সাধারণ মানুষের ওপর বড় ধরনের চাপ পড়বে বলেই মনে করা হচ্ছে।অর্থমন্ত্রী ১১১ পৃষ্ঠার দীর্ঘ বাজেট বক্তৃতায় অনেক কথা বলেছেন। তবে বড় ধরনের রাজস্ব কার্যক্রম গ্রহণ করলেও এ বিষয়ে সুনির্দিষ্ট করে অনেক কিছুই বলেননি। এতে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে।সূত্র জানায়, ২০১০-১১ অর্থবছরের বাজেট প্রস্তাবের ফলে সব ধরনের আমদানি পণ্যের দাম বাড়বে। কেননা, আমদানি পর্যায়ে অগ্রিম আয়করের (এআইটি) হার বেড়েছে ২ শতাংশ। মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাটের আওতাও বাড়ানো হয়েছে ব্যাপকভাবে। ক্ষুদ্র দোকানদার ও খুচরা ব্যবসায়ীদের ওপর অগ্রিম মূসকের (এটিভি) হার বেড়েছে। এমনকি সঞ্চয়পত্রের সুদের ওপরও কর বসানো হয়েছে।শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতিগুলোর ফেডারেশন (এফবিসিসিআই) গতকাল রোববার হিসাব দিয়ে বলেছে, একমাত্র অগ্রিম আয়কর ২ শতাংশ বাড়ানোর কারণেই সরকারের রাজস্ব আয় বাড়বে এক হাজার কোটি টাকার বেশি। তবে রাজস্ব বাড়লেও এই করভার সাধারণ ভোক্তাদের ওপর বোঝা হয়ে দাঁড়াবে। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় কেবল উৎসে আয়কর হারের যৌক্তিকীকরণের কথা বলেছেন। এ বিষয়ে পরিশিষ্টতেও স্পষ্ট করে বলা হয়নি। এখন দেখা যাচ্ছে, আমদানি পর্যায়ে অগ্রিম আয়করের হার (এআইটি) ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে। আবার আমদানির ক্ষেত্রে অগ্রিম ব্যবসায় মূসকের হার (এটিভি) ২ দশমিক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩ শতাংশ করা হয়েছে। আবার ব্যবসায়ী পর্যায়ে মূসকের হার ছিল দেড় শতাংশ, এখন করা হয়েছে ৩ শতাংশ। এতে সব ধরনের পণ্যের মূল্যের ক্ষেত্রে বাড়তি প্রভাব পড়বে বলে এফবিসিসিআই বলেছে।এ ছাড়া খুচরা ও ক্ষুদ্র দোকানদারদের ক্ষেত্রে বার্ষিক মূসকের পরিমাণ ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার জন্য চার হাজার ২০০ টাকা থেকে বাড়িয়ে ছয় হাজার টাকা, অন্যান্য সিটি করপোরেশন এলাকায় তিন হাজার ৬০০ থেকে বাড়িয়ে চার হাজার ৮০০ টাকা, অন্যান্য জেলা শহর ও পৌর এলাকায় দুই হাজার ৪০০ থেকে বাড়িয়ে তিন হাজার ৬০০ টাকা এবং দেশের অন্যান্য এলাকায় এই মূসকের পরিমাণ এক হাজার ২০০ থেকে বাড়িয়ে এক হাজার ৮০০ টাকা করা হয়েছে। এর ফলেও সাধারণ মানুষের ওপর চাপ বাড়বে।অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় সঞ্চয়পত্রের সুদহার কমানোর ইঙ্গিত দিয়েছেন। এর পাশাপাশি নতুন বাজেটে সঞ্চয়পত্রের সুদ আয়কে উৎসে করের আওতায় আনা হয়েছে। এত দিন আয় এক লাখ ৫০ হাজার টাকা ছাড়িয়ে গেলে ১০ শতাংশ হারে কর দিতে হতো। এখন থেকে আয় হলেই কর দিতে হবে। পেনশনারস সেভিংস সার্টিফিকেটের সুদ এত দিন সম্পূর্ণ করমুক্ত ছিল, এই সুবিধাও প্রত্যাহার করা হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি সঞ্চয়ী এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের আয় এর ফলে এক দফা কমে যাবে। নতুন বাজেটে স্টিভেডরিং সংস্থা, বেসরকারি সিকিউরিটিজ সেবা সংস্থা, ক্লিয়ারিং-ফরোয়ার্ডিং এজেন্ট, অনাবাসিক কুরিয়ার সার্ভিস, ফ্রেইট ফরোয়ার্ডিং সংস্থা এবং সার্ভেয়ার অব জেনারেল ইনস্যুরেন্সের ক্ষেত্রে উৎস মূলে কর কর্তনের হার সাড়ে ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।নতুন বাজেট প্রস্তাবের কারণে বাণিজ্যিক ভিত্তিতে স্থাপন বা স্থাপনা ভাড়ার পরিমাণও বাড়বে। অর্থমন্ত্রী এ ক্ষেত্রে (১৫০ বর্গফুটের বেশি) ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করেছেন। এ কারণেও উৎপাদন ব্যয় বাড়বে এবং এর চাপ পড়বে সাধারণ মানুষের ওপরই।নতুন বাজেটে চানাচুর, ফলের রস (জুস), সিগারেট, বিড়ি, গুল, জর্দা ও এমএস প্রোডাক্টের ক্ষেত্রে কুটিরশিল্পের সুবিধা প্রত্যাহার করা হয়েছে। এসব খাতকে এখন থেকে ১৫ শতাংশ হারে ভ্যাট দিতে হবে। ফলে এসব পণ্যের দর বাড়বে। আবার ডকইয়ার্ড, বিজ্ঞাপনী সংস্থা, ছাপাখানা, কুরিয়ার সার্ভিস, কনসালটেন্সি ও সুপারভাইজারি প্রতিষ্ঠান, অডিট ও অ্যাকাউন্টিং ফার্ম, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ও ইনটেরিয়র ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, পিকনিক ও শুটিং স্পট, অ্যামিউজমেন্ট পার্ক ও থিম পার্ক এবং শীতাতপনিয়ন্ত্রিত রেস্তোরাঁর ক্ষেত্রে শতভাগ মূল্যের ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করায় এসব সেবার দামও বাড়বে। এ ছাড়া নির্মাণ সংস্থা, আসবাবপত্র উৎপাদন ও বিপণন পর্যায় এবং জোগানদারের ক্ষেত্রেও কর হার বাড়ানো হয়েছে বাজেটে। এফবিসিসিআইয়ের তৈরি করা তালিকা অনুযায়ী, বাজেটে করভার আরও বাড়ানো হয়েছে নারকেল তেল, ফলের জ্যাম ও জেলি, ফলের রস, ওষুধ, রং, প্রসাধনসামগ্রী, সাবান, দিয়াশলাই, মশার কয়েল, পিভিসি পাইপ, জুতা, স্যান্ডেল, ইট, সিরামিক পোরসিলিনের তৈরি পণ্য, এমএস পণ্য, বৈদ্যুতিক পাখা, ড্রাইসেল ব্যাটারি, বৈদ্যুতিক বাল্ব, রাবার ও প্লাস্টিক ফোম, ৪০ বা তদূর্ধ্ব সিটের সিএনজিচালিত বাসের ওপর। ফলে এসব পণ্যের দামও বাড়বে। গাড়ির ওপর শুল্ক বাড়ানো হলেও একমাত্র ১৫০০ থেকে ১৬৫০ সিসি পর্যন্ত গাড়ির সম্পূরক শুল্কের হার ১০০ শতাংশ কমিয়ে ৪৫ শতাংশ করা হয়েছে। এতে গাড়ি মধ্যবিত্তের নাগালের বাইরে গেলেও উচ্চবিত্তরা লাভবান হবেন। এফবিসিসিআই গতকাল সংবাদ সম্মেলন করে বলেছে, প্রস্তাবিত বাজেটে অনেক ক্ষেত্রে কর বাড়ানোর ফলে সরকারের প্রাক্কলিত রাজস্বের তুলনায় অনেক বেশি রাজস্ব আদায় হবে। তবে এর ফলে জনগণের ওপর অতিরিক্ত করের চাপ পড়বে এবং বাজারে দ্রব্যমূল্যের ওপর তা প্রতিফলিত হতে পারে।