সঞ্চয়পত্রের সুদের হার কমানোর ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী
আগামী এক বছরের মধ্যে সঞ্চয়পত্রের সুদের হার কমানোর ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ে সঞ্চয়পত্রে সুদের হার নিয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ ইঙ্গিত দেন। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড ও অর্থ বিভাগের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী ছয় মাসের মধ্যে বর্তমান বাজারের সঙ্গে সম্পর্কযুক্ত সঞ্চয়পত্রের একটি সুদের হার নির্ধারণ করবে। এই সুদের হার আগামী অর্থবছর থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।অর্থমন্ত্রী আরও বলেন, বাজারে যেসব সঞ্চয়পত্র প্রচলিত আছে, তাদের সুদের হারের সঙ্গে বাজারের কোনো সম্পর্ক নেই। তিনি বাজারের সঙ্গে সমন্বয় করে দুই ধরনের সঞ্চয়পত্র বাজারে ছাড়ার ওপর গুরুত্বারোপ করেন। অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড ও অর্থ বিভাগের নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।