সঞ্জীবনী মেলা
আমাদের অনেকের জন্য প্রতিবছর বইমেলায় যাওয়া একটি কৃত্যের মতো হয়ে গেছে অনেক দিন থেকেই। প্রতি বছরই মেলায় ভিড় বাড়ছে, বইপত্র বাড়ছে। বইমেলার আবহে অবশ্য মেলার ভাগটারই প্রধান্য, বইয়ের ভাগটা গুরুত্ব পায় অল্প। তবুও খুব ভালো লাগে, যখন দেখি সব বয়সের নারী-পুরুষ মেলায় যাচ্ছে, মেলার মাঠে নানা সামাজিক অবস্থানের লোক বইপত্র দেখছে। সবার মধ্যে, বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে, বই পড়ার আগ্রহ বাড়ানোর একটি খুবই কার্যকরী পথ হলো বইমেলা। আমাদের তরুণেরা আরও বেশি ডুবে যাচ্ছে কম্পিউটার ও ভিডিও গেমের মধ্যে। এর মধ্যে যখন তরুণদের চোখেমুখে বই দেখার, বই কেনার দীপ্তি দেখি, সেটা আমার জন্য খুব বড় প্রেরণা।দিন দিন বইমেলায় ভিড় বাড়ছে। স্টলের সামনে দাঁড়িয়ে বই হাতড়ে দেখা প্রায় অসম্ভব। আমি সাধারণত মেলায় যাই দুপুরে। এ সময় ভিড়ভাট্টা কম থাকে, বই নেড়েচেড়ে দেখা যায়। কিন্তু কয়েক বছর হলো ভিড়ের ঠেলায় এটা আর পারছি না। ভবিষ্যতে হয় মেলার পরিসর বাড়াতে হবে, নয়তো প্রকাশক কমাতে হবে। নইলে এই ভিড় সামলানো যাবে না। বইমেলায় প্রকাশক হিসেবে কারা আমন্ত্রণ পাবেন, তার একটি মানদণ্ড থাকা দরকার।সাধারণত বিকেলে বা সন্ধ্যায় বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ভিড়ের মধ্যে পা রাখার জায়গা নেই; সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, ভিড়ের হট্টগোল তো আছেই—এত কিছুর মধ্যে মোড়ক উন্মোচন খুব কাজের হয় না। এত শব্দের মধ্যে মোড়ক উন্মোচনের মঞ্চে কী কথা হচ্ছে, তা প্রায় কেউ শুনতেই পায় না। বই বের করা ও বেচাকেনার জন্য আমরা বইমেলাকেই মূল লক্ষ্য করে তুলেছি। এর ফলেই সমস্যাটি তৈরি হয়েছে, সন্দেহ নেই। বইমেলায় হাজার হাজার মানুষের ভিড়, বই নিয়ে উদ্দীপনা—এসব তো খুবই আশাব্যঞ্জক। অথচ অবাক হওয়ার মতো কথা, ঢাকার বেশির ভাগ শপিং মলেই কোনো ভালো বইয়ের দোকান নেই, যেখানে অবসরমতো গিয়ে পছন্দের বই কেনা যায়। আমার মনে আছে, যখন শিক্ষার্থী ছিলাম, তখন সপ্তাহে একবার নিউমার্কেটে যেতাম। সেখানে অনেক বইয়ের দোকান, ঘুরে ঘুরে বই দেখা যেত। সেই ষাটের দশকে আমাদের ছাত্রজীবনে ঢাকার লোকসংখ্যা যা ছিল, সেটা এখন প্রায় অবিশ্বাস্যরকম বেড়েছে। কিন্তু সেই অনুপাতে বইয়ের দোকান মোটেই বাড়েনি।বই পড়ার অভ্যাস বাড়াতে বা বইকে জনপ্রিয় করতে শুধু বইমেলার বার্ষিক অনুষ্ঠানই গ্রহণযোগ্য নয়। আমাদের আরও অনেক বইমেলা দরকার। আর দরকার ভালো বইয়ের দোকান। ঢাকা শহরের বাইরেও অন্যান্য শহরগুলোতে অনেক বইয়ের দোকান থাকা উচিত।রওনক জাহান: রাষ্ট্রবিজ্ঞানী, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক