সঠিক জীবনচর্চা হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে এখন আমাদের পরিবার-গুলোতে শ্রদ্ধা, শর্তহীন ভালোবাসা, স্নেহ-মমতা, সহিষ্ণুতা, অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া—এগুলোর চর্চা চলছে না। এতে আমাদের পারিবারিক বন্ধনগুলো দৃঢ় হচ্ছে না। আগে আমাদের যৌথ পরিবারের সদস্যরা একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিতেন। সাহায্য-সহযোগিতা করতেন নির্দ্বিধায়। তাতে পরিবারের শিশুর অনেক শেখার ছিল। তাদের ভেতর সমমর্মিতা বা সহানুভূতিশীলতার একটা জায়গা তৈরি হতো। কিন্তু এখন তা না হওয়ায় শিশুরা মানবিক গুণাবলি ও ধৈর্য ধরতে শিখছে না। আরেকটা বিষয় হলো, আমরা এখন শিশুদের চাহিদাগুলো অর্থ ও বিভিন্ন জিনিসপত্রের মাধ্যমে পূরণ করছি। তাই এ জিনিসগুলো তাদের কাছে খুব সহজলভ্য হচ্ছে এবং বাড়ছে অস্থিরতা। এ ব্যাপারে আমি শিশুদের দায়ী করছি না। পরিবারগুলোতে সঠিক জীবনচর্চা হচ্ছে না বলেই এমনটা ঘটছে। আমাদের শিশুদের মনে কোমল, সংবেদনশীল মন তৈরি করতে হলে পরিবারের পুরোনো চর্চাগুলো ফিরিয়ে আনা জরুরি। সে জন্য শিক্ষক, মা-বাবা, সমাজের শ্রদ্ধাভাজন ব্যক্তি এবং গণমাধ্যমকেও ভাবতে হবে, কী কী বিষয় তাদের সামনে তুলে ধরা উচিত, কী অনুচিত। সত্যি কথা বলতে, আমরা কেউই শিশুদের আদর্শ (মডেল) হতে পারছি না। মনোবিজ্ঞানীদের গবেষণা বলে, এটা কোরো না, ওটা কোরো না—শিশুদের এসব বলে কোনো লাভ নেই। আমরা যেন শিশুদের ওপর কথায় কথায় রাগ না করি; সহিষ্ণুতা দেখাই। রাগ তো হবই, সেটা খুব বাজেভাবে না বলে সুস্থভাবে বলার চেষ্টা করি। গলার স্বরটাকে দৃঢ় রেখে কথাগুলো বলতে পারলে ওরা সঠিক দিকনির্দেশনা পাবে। নিজেরা যা করছি না, তা যদি শিশুদের করতে বলি, তা কিন্তু ওরা মেনে নেবে না। আমরা যারা অভিভাবক, শিক্ষক, আমাদের বড় কাজ হচ্ছে, ওদের সামনে আদর্শ হতে পারা। আমরা যেন শিশুদের জীবনে একটা গ্রহণযোগ্য লক্ষ্য ও সঠিক মূল্যবোধ স্থির করে দিতে পারি। ১৮ বছর বয়স পর্যন্ত একটা মানুষকে আমরা শিশু বলি। আর, এখনকার বিভিন্ন বয়সের শিশুদের ভেতর এই যে অস্থিরতা, কেউ একটু শাসন করলে খুব রেগে যাচ্ছে, তাতে সে প্রথমে ভাঙচুর দিয়ে শুরু করছে। এরপর একসময় ধ্বংসাত্মক হয়ে পড়ছে, আশপাশের মানুষের ওপর আক্রমণ করছে। মোটকথা, আমি নিজেকে যেমন কষ্ট দিচ্ছি, অন্যকেও কষ্ট দিচ্ছি সমানভাবে। নিজেকে যেমন ভালোবাসছি না, অন্যকেও ভালোবাসতে শিখছি না। এটা একটা সমাজের চিত্র তুলে ধরছে। এখানে আমাদের কোমল অনুভূতিগুলো দেখা যাচ্ছে না।আমাদের প্রচারমাধ্যমে কেন প্রতিদিন রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি দেখতে হবে? এটা কিন্তু শিশুরাও দেখছে। এ বিষয়গুলো যে মোটেও ভালো নয়, তা ওদের বলেও লাভ নেই। কারণ, তাদের তো বিচার করার ক্ষমতা নেই, এই খারাপ বিষয়গুলোকেই ওরা আদর্শ হিসেবে নিচ্ছে। প্রচারমাধ্যমের উচিত এই অসুস্থ চর্চাগুলোকে পরিহার করা। বয়ঃসন্ধিকালের কথায় আসি। বিশেষ বয়স ও সময়ের এই শিশুদের নিয়ে আরেকটু বেশি করে ভাবতে হবে আমাদের। বুঝতে হবে ওদের আবেগ। এখন প্রায়ই দেখা যায়, পরিবারে মুঠোফোন নিয়ে যুদ্ধ চলছে। আর, বড়রা অধিকাংশ ক্ষেত্রেই ছোট ছোট বাচ্চার হাতে মুঠোফোন তুলে দিচ্ছেন না বুঝেই! তাতে তাদের প্রত্যাশার শেষ হচ্ছে না। তাকে তো আমরা অন্যভাবেও পুরস্কৃত করতে পারি। তাই সবার আগে আমাদের মা-বাবাদের জীবনচর্চার বিষয়টি অর্থাৎ কী করে একজন ভালো মা-বাবা হতে হয় তা জানতে হবে। কী করে একটা সুন্দর ও ভালো শিশুর সব বিকাশ নিশ্চিত হয় তা বুঝতে হবে। শুধু পড়াশোনাই নয়, সুন্দর মানুষ হতে হলে যে মানবিক গুণাবলির প্রয়োজন, তা আমাদের জানতে হবে। জীবনচর্চা বলতে তারা খেলাধুলা করলে, বই পড়লে, পশু-পাখি লালন-পালন করলে, প্রকৃতির কাছে গেলে ভালো হয়। এতে তারা উদারতা শিখবে, নতুন সৃজনশীল বিষয়ে আগ্রহী হবে। এসব বাদে আমরা শিশুদের কাছ থেকে কোমলতা আশা করতে পারি না।প্রত্যেক মানুষের উচিত প্রতিদিন নিজেকে কিছুটা সময় দেওয়া। প্রার্থনা, বই পড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা—এ বিষয়গুলোর ওপর গুরুত্ব আরোপ করা জরুরি। শুধু পরিবারই নয়, আমাদের স্কুলগুলোতে এ বিষয়গুলো যুক্ত করতে হবে। আর শিশুদের মননশীলতার জায়গাটা তৈরি করতে প্রচারমাধ্যমের ভূমিকাও বেশ গুরুত্বপূর্ণ। জীবনচর্চার এই উপাদানগুলোই পারে একটি সুস্থ, সুন্দর, সংবেদনশীল ভবিষ্যত্ সৃষ্টি করতে। মেহতাব খানম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক।