সঠিক তথ্য জানতে হবে অন্যকে তা জানাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ এইচআইভি/এইডস প্রতিরোধের ক্ষেত্রে সফলতাই দেখিয়েছে। এই সফলতা ধরে রাখতে হলে এবং প্রতিরোধ কর্মকাণ্ড জোরদার করতে হলে এইচআইভি/এইডস কী, কেন এই রোগ হয়, কীভাবে ছড়ায়, প্রতিরোধের উপায় কী—এসব বিষয়ে সঠিক তথ্য জানতে হবে। নিজে জানলেই হবে না, অন্যকেও তা জানাতে হবে। এইচআইভি প্রতিরোধে এখনো কোনো টিকা আবিষ্কৃত হয়নি। সঠিক তথ্যই এই টিকার অভাব পূরণ করবে। গতকাল রোববার প্রথম আলোর কার্যালয়ে অনুষ্ঠিত ‘জানতে হবে জানাতে হবে’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারীরা এসব কথা বলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় এইডস/এসটিডি কর্মসূচি, প্রথম আলো বন্ধুসভা, সেভ দ্য চিলড্রেন এবং বিজ্ঞাপনী সংস্থা মাত্রা যৌথভাবে এই বৈঠকের আয়োজন করে।দেশের তরুণ সমাজকে সঠিক তথ্য দেওয়া এবং তাদের মাধ্যমে দেশের মানুষকে এই রোগ সম্পর্কে সচতেন করার উদ্দেশ্যে বৈঠকের আয়োজন করা হয়। এইচআইভি/এইডস বিশেষজ্ঞ ও সরকারি পদস্থ কর্মকর্তারা বিশ্বের ও দেশের এইচআইভি/এইডস পরিস্থিতি তুলে ধরেন। সাহিত্যিক, গণমাধ্যম ব্যক্তিত্ব, কণ্ঠশিল্পী, অভিনেতা, এনজিওর কর্মকর্তারা এ ক্ষেত্রে নিজেরা কী করছেন এবং আরও কী করণীয়, সে বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন। সভায় উপস্থিত বন্ধুসভার সদস্যরা জ্যেষ্ঠদের কাছে প্রশ্ন করে অজানা বিষয়গুলো জানার চেষ্টা করেন। পরিস্থিতি: বৈঠক শুরুর উপস্থাপনায় সেভ দ্য চিলড্রেন-ইউএসএর পরিচালক (এইচআইভি/এইডস) নিজাম উদ্দিন আহমেদ বলেন, পৃথিবীর প্রতিটি দেশেই এইচআইভি সংক্রমিত মানুষ শনাক্ত হয়েছে। পৃথিবীতে এইচআইভি সংক্রমিত ব্যক্তির সংখ্যা তিন কোটি ৩৪ লাখ। গত পাঁচ বছরে এই ভাইরাসের সংক্রমণ ২০ শতাংশ কমেছে। নিজাম উদ্দিন বলেন, অঞ্চলেভেদে এই রোগ বিস্তারের কারণ ভিন্ন। আমেরিকায় এই রোগ বিস্তারের প্রধান কারণ সমকামিতা। এশিয়াতে পুরুষ সমকামিতা, অনিরাপদ রক্ত সঞ্চালন, অনিরাপদ যৌন আচরণ এই রোগ বিস্তারে অবদান রাখছে।গ্লোবাল ফান্ডের অর্থায়ন বাংলাদেশে সফল বলে দাবি করেন নিজাম উদ্দিন। বর্তমানে ১৫ হাজার শিরায় মাদকগ্রহণকারী এবং ২৮ হাজার যৌনকর্মী জাতীয় কর্মসূচি থেকে সেবা পাচ্ছে। ৮২ শতাংশ মানুষ এই রোগ সম্পর্কে শুনেছে। কনডম ব্যবহারের হার বেড়েছে। দেশে এই রোগে সংক্রমিত মানুষ এক শতাংশের কম। বন্ধুসভার সদস্য ফারহানা তাবাসুম এইচআইভি ভাইরাসের উৎপত্তি সম্পর্কে জানতে চাইলে জাতীয় কর্মসূচির উপকর্মসূচি ব্যবস্থাপক হাসান মাহমুদ জানান, এই ভাইরাসের উৎপত্তি সম্পর্কে সুনির্দিষ্ট বৈজ্ঞানিক তথ্য এখনো পাওয়া যায়নি। বন্ধুসভার আরেক সদস্য আতিয়া সুলতানা জানতে চান, দেশের কোন অঞ্চলে এইচআইভি সংক্রমিত মানুষের সংখ্যা বেশি? এইচআইভি/এইডস রোগীদের চিকিৎসাসেবা দেয় ‘আশার আলো’ নামের একটি সংস্থা। সংস্থাটির নির্বাহী প্রধান হাবিবা আক্তার বলেন, বছর দুই আগে দেশে শনাক্ত করা ব্যক্তিদের তথ্য নিয়ে একটি মানচিত্র তৈরি করেছিলেন। তাতে দেখা গেছে, সিলেট ও ঢাকা অঞ্চলে এর সংক্রমন বেশি।জানানো জরুরি: হাবিবা আক্তার বলেন, সঠিক তথ্য না জানার কারণে এইচআইভি/এইডস আক্রান্ত মানুষকে সামাজিক অপবাদ ও বৈষম্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। চিকিৎসা ও অন্য ক্ষেত্রে বৈষম্যের ভয়ে অনেকে নিজের অবস্থা সম্পর্কে জানান না। এদের থেকে সংক্রমণের ভয় অনেক বেশি। তিনি অভিবাসী শ্রমিকদের সঠিক তথ্য দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন। বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন বলেন, বন্ধুসভার ৪০ হাজার সদস্য মাদকবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। এই বন্ধুরা দেশের মানুষকে সঠিক তথ্য দেওয়ার কাজ করে যাবে।বন্ধুসভার সদস্য সাইফুল ইসলাম জানতে চান, ইমাম সাহেবরা এ ব্যাপারে কী ধরনের সহযোগিতা দিতে পারেন। এ প্রসঙ্গে উপকর্মসূচি ব্যবস্থাপক হাসান মাহমুদ বলেন, ইমাম সাহেবদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখন মসজিদ ব্যবস্থাপনা কমিটিকে এই বিষয়ের সঙ্গে সম্পৃক্ত করার কথা ভাবা হচ্ছে। ইতিমধ্যে প্রত্যেক ধর্মের মানুষের ব্যবহারের জন্য পুস্তিকা তৈরি করা হয়েছে।চাই সচেতনতা: স্বাগত বক্তব্যে প্রথম আলোর যুগ্ম সম্পাদক আবদুল কাইয়ুম বলেন, এইডস বিষয়ে এখনো অনেকের মধ্যে অজানা ভীতি কাজ করে। বৈজ্ঞানিক তথ্য জানলে মানুষ সচেতন হয়, ভীতি দূর হয়।কণ্ঠশিল্পী ফাহমিদা নবী বলেন, সচেতনতার কাজ প্রত্যেকের পরিবার থেকে শুরু করা দরকার। নিজের পরিবারে তিনি এই উদ্যোগ নিয়েছেন। বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম তরুণদের মাঝে সচেতনতা বাড়ানোর জন্য কাজ করেন। তিনি বলেন, ‘আমি তরুণদের বলি, তুমি যদি অ্যাডভেঞ্চার করো, তুমি মাদক থেকে দূরে থাকতে পারবে।’ইচ্ছা: ইচ্ছা ছিল বলেই মুসা ইব্রাহিম এভারেস্ট জয় করতে পেরেছেন—এমন মন্তব্য করেন মাত্রার পরিচালক অভিনেতা আফজাল হোসেন। তিনি বলেন, তথ্য জানার ও সেই তথ্য অন্যকে জানানোর ইচ্ছাটা অন্তরের ভেতরে অনুভব করতে হবে তরুণ প্রজন্মকে। জাতীয় কর্মসূচির নানা কাজ যে ক্ষেত্র তৈরি করেছিল, তার সঙ্গে তার তৈরি বিজ্ঞাপন যুক্ত হয়ে এইচআইভি/এইডসবিরোধী আন্দোলন একটা বড় জায়গায় এসে দাঁড়িয়েছে। তিনি নিজের অভিজ্ঞতায় দেখেছেন, মানুষ ভালো কথা বেশি বিশ্বাস করে।করণীয়: কথাসাহিত্যিক ও প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক বলেন, এইচআইভি/এইডস ছড়ায় এমন ঝুঁকিপূর্ণ আচরণ দেশের মানুষের মধ্যে ব্যাপকভাবে রয়েছে। ৪০ থেকে ৭০ লাখ বিভিন্ন বয়সের মানুষ মাদকাশক্ত, এদের একটি অংশ শিরায় মাদক নেয়। এদের দিকে বিশেষ নজর দেওয়া দরকার। চিকিৎসাকেন্দ্রে মানুষ যেন নিরাপদ রক্ত পায়, সে ব্যবস্থা সরকারকে করতে হবে। তিনি বলেন, প্রস্তুত হওয়ার আগেই অনেক প্রযুক্তি হাতের নাগালে এসে যাওয়ায় সমাজে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিবাহ-বহির্ভূত অনেক সম্পর্ক এখানে আছে, কিছু সম্পর্ক ঝুঁকিপূর্ণ। এ ছাড়া আছে অজ্ঞানতা। আনিসুল হক বলেন, ‘বাঁচতে হলে জানতে হবে’ এই স্লোগানের ব্যাপারে কেউ আপত্তি করেনি। এর দিকে কেউ ঢিল ছুড়ে মারেনি। জ্ঞান কখনো উল্টো দিকে যায় না। নিজাম উদ্দিন বলেন, সফলতাকে ধরে রাখতে হলে বর্তমান কর্মকাণ্ডকে অব্যাহত রাখতে হবে, এইচআইভি/এইডসকে মূল ধারার স্বাস্থ্যসেবায় সম্পৃক্ত করতে হবে। কিছু কাজ আরও ভালোভাবে করার পাশাপাশি সংক্রমিত মানুষের জন্য সংবেদনশীল পরিবেশ তৈরি করতে হবে।এসটিআই/এইডস নেটওয়ার্ক অব বাংলাদেশের চেয়ারপারসন আবু ইউসুফ চৌধুরী বলেন, কর্মসূচি বিদেশি অর্থের ওপর নির্ভরশীল। কর্মসূচিকে টেকসই করতে হলে অভ্যন্তরীণ সম্পদ বাড়াতে হবে। বন্ধুসভার সদস্য জয়ন্ত ভৌমিক জানতে চান, দেশের জন্য এত বড় কর্মসূচির দরকার আছে কি না। জবাবে হাসান মাহমুদ বলেন, কর্মসূচিটা বড় বলেই দেশে এই রোগের প্রাদুর্ভাব কম। তিনি বলেন, কর্মসূচি আরও বড় হওয়া দরকার।এ ছাড়া বন্ধুসভার সদস্য নওরীন হক, শোভন সাহা, সাদিয়া চৌধুরী, রুহেল গাজী এবং সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তা আমজাদ আলীর প্রশ্ন ও আলোচনায় বৈঠকটি প্রাণবন্ত হয়ে ওঠে।