সঠিক যেন হয় কবি-লেখকের নামের বানান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীরা, নির্ধারিত পাঠ্যসূচি ইতিমধ্যে তোমাদের কয়েকবার ‘রিভিশন’ হয়ে গেছে। এবার এসো, বাংলা বিষয়ের অনুশীলন-প্রক্রিয়া কেমন হতে পারে, তা জেনে নিই। বাংলা বিষয় অনুশীলনের জন্য আমরা কয়েকটি ধাপ চিহ্নিত করতে পারি। পাঠ্যসূচির প্রতিটি কবিতা নিশ্চয় সবার মুখস্থ আছে? কবিতাগুলোর কবির নামও মনে আছে। সাধারণভাবে কবিতা মুখস্থ লেখার জন্য প্রশ্ন থাকে, তাই প্রথমে প্রতিটি কবিতা কবির নামসহ মুখস্থ লেখা অনুশীলন করবে। অনুশীলন শেষে বইয়ের সঙ্গে মিলিয়ে দেখবে, সব ঠিক আছে কি না। কারণ, কবিতার নাম ও কবির নামের বানান সঠিক না হলে ২ নম্বর কমে যাবে। শুধু তা-ই নয়, কবিতার লাইন এবং কবিতায় ব্যবহূত বিরাম চিহ্নের যথার্থ প্রয়োগ সবই দেখতে হবে। যদি কোথাও কোনো ভুল হয় আবার লিখবে। মনে রাখবে, কবিতা নির্ভুলভাবে হুবহু মুখস্থ লিখতে হয়। কবিতাংশ যাচাইয়ের পর ব্যাখ্যা ও বুঝিয়ে লেখো অনুশীলন-প্রক্রিয়া শুরু করা যেতে পারে। ব্যাখ্যা লেখার সময় অবশ্যই যে গল্প, প্রবন্ধ বা কবিতা থেকে ব্যাখ্যাংশ দেওয়া হবে, ওই গল্প, প্রবন্ধ বা কবিতার নাম, লেখক বা কবির নাম উল্লেখ করতে হবে। তারপর প্রসঙ্গ কথা এবং শেষ ধাপে বিশ্লেষণ বর্ণনা করতে হয়। নিজের ভাষায় বুঝিয়ে লেখো একটি রচনামূলক প্রশ্ন। এটির উত্তর পাঠ্যবই অনুসরণে লিখতে হয়। এভাবে পরপর পাঠ্যবইয়ের সব গল্প, প্রবন্ধ ও কবিতার শব্দার্থ, বাক্য রচনা, রচনামূলক ও বর্ণনামূলক প্রশ্নের উত্তর লেখা, সঠিক অংশ বাছাই করে লেখা ইত্যাদিসহ ‘পাঠ শিখি’ অংশের প্রতিটি প্রশ্নের উত্তর লেখা অনুশীলন করবে। পাশাপাশি প্রতিটি গল্প, কবিতা, প্রবন্ধ ভালো করে পড়ে নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন, ইত্যাদি সম্পর্কে ধারণা নিতে হবে। কারণ, ‘পাঠ শিখি’র অংশ ছাড়াও গল্প, কবিতা, প্রবন্ধ ইত্যাদির ভেতরের অংশ থেকেও প্রশ্ন আসতে পারে। অনুশীলনের জন্য সবচেয়ে ভালো উপায় হলো লেখা। প্রতিটি প্রশ্ন অবশ্যই লিখে অনুশীলন করবে। কারণ, তুমি যতই মুখস্থ করো না কেন, যদি বানান সঠিক না হয়, লেখা স্পষ্ট না হয়, প্রশ্নের উত্তর যথাযথ লেখা না হয়, তাহলে নম্বর পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়বে। তাই যত পারো পড়ার পাশাপাশি লিখবে এবং যেটুকু ভুল ধরা পড়বে, তা পুনরায় লিখে নির্ভুল লেখার অভ্যাসটুকু আয়ত্ত করবে। ব্যাকরণ অংশ সম্পর্কে আলোচনা করব। এই অংশের জন্য সবচেয়ে বেশি অনুশীলন প্রয়োজন পাঠ্যবইয়ের প্রতিটি গল্প, কবিতা ও প্রবন্ধের ‘পাঠ শিখি’ অংশের সঙ্গে সম্পৃক্ত ব্যাকরণবিষয়ক বিভিন্ন প্রশ্ন এবং সেই আলোকে নিজস্ব চিন্তাধারায় ব্যাকরণের অন্যান্য প্রশ্ন। এ ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় একটু সময় নিয়ে প্রতিটি ‘পাঠ শিখি’র থেকে ব্যাকরণ অংশটুকু আলাদা করে অনুশীলন করা। অনুচ্ছেদ পড়ে প্রশ্ন তৈরি এবং বিরাম চিহ্নের জন্য গদ্য এবং কবিতাগুলোর মূলভাবসহ অনুচ্ছেদ ভালোভাবে আয়ত্তে রাখতে হবে। ‘রচনা লিখন’ বাংলা বিষয়ের অপর একটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন। রচনা লেখার ক্ষেত্রে বানান এবং ভাষার ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে। প্রতিটি রচনায় কমপক্ষে তিনটি অংশ থাকতে হবে। যেমন—(ক) ভূমিকা: বিষয়বস্তুর পরিচয় (খ) মূল বক্তব্য: বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা। এই অংশে যুক্তিসংগত প্রাসঙ্গিক পয়েন্ট যত দেওয়া যায়, তত ভালো নম্বর প্রত্যাশা করা যায়। (গ) উপসংহার: বিষয়বস্তু সম্পর্কে সুবিস্তৃত মতামত এই অংশে লেখা হয়।মনে রাখবে, রচনা দীর্ঘ করা ঠিক নয়। প্রশ্নের ধরন অনুসারে রচনা ১৫০ শব্দের মধ্যে হতে হবে। বিগত কয়েক বছরের বাংলা প্রশ্নপত্রের ধারা অনুসারে দেখা গেছে, রচনার বিষয়ে সাধারণত বোর্ড পাঠ্যবইয়ের গল্প, কবিতা, নাটিকা, প্রবন্ধের আলোকেই প্রশ্ন হয়ে থাকে।