সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশকে সাংবিধানিকভাবে এগিয়ে নেওয়া হবে: সুরঞ্জিত সেনগুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, এ কমিটি যথাসময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশকে সাংবিধানিকভাবে এগিয়ে নিয়ে যাবে। বাহাত্তরের সংবিধানকে আবার সন্নিবেশিত করা হবে। এখানে কেউ বলছেন এটি স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে, আবার কেউ বলছেন এটা জাতীয় সংসদেই করতে হবে। আজ সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ লোড-আনলোড শ্রমিক ফেডারেশন আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘দিন বদলের সনদ বাস্তবায়ন এবং গরিব, দুঃখী ও মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।বিরোধী দলকে ইঙ্গিত করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘এখানে আমি স্পষ্টভাবে বলতে চাই, যাঁরা সংসদে যান না, তাঁরা আবার সংসদের জন্য মায়াকান্না করেন। তাঁদেরকে আমি বলতে চাই, আপনারা যখন অষ্টম সংশোধনী জাতীয় সংসদ ব্যতিরেকে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে করে নিয়েছিলেন তখন আপনাদের এ বক্তব্য কোথায় ছিল। আপনারা জাতীয় সংসদকে বাদ দিয়ে ধারা-১০০ পুনর্মুদ্রণ করে ছাপিয়ে দেবেন। আর আমাদের সময় বলবেন ছাপাবেন না, জাতীয় সংসদের অধিকার রয়েছে।’আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আফগানিস্তানে সেনা পাঠানো নিয়ে একটি বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আফগানিস্তানের সেনা পাঠানোর কথা সরকার ভাবতেই পারে না। উল্লেখ্য, ১২ অক্টোবর সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভা অনুষ্ঠিত হবে। এ বৈঠকের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কমিটির একটি সভা অনুষ্ঠিত হবে।