সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ, ঢাকা # অনেকে মনে করে ইতিহাস বিষয়ে অনেক লিখতে হয় আর এ কারণে সাল, তারিখ থেকে শুরু করে সব ঘটনা তারা তালগোল পাকিয়ে ফেলে।# প্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে রাখতে হবে, ইতিহাস হচ্ছে এক রকম ঐতিহাসিক ঘটনাসমৃদ্ধ গল্পের মতো। ভালো করে বুঝে পড়লে পরীক্ষায় নম্বর পাওয়া কোনো সমস্যাই নয়।# প্রশ্ন হাতে পেলে খেয়াল রাখতে হবে প্রশ্নে কী চাওয়া হয়েছে। কোনো অযৌক্তিক বিষয় লিখলে আসল ঘটনাগুলো অনেক সময় বাদ পড়ে যায়। অতিরিক্ত কিছু লিখলে সময়ের কারণে অনেকে উত্তর শেষ করতে পারে না।# ইতিহাসে যেহেতু রচনামূলক উত্তর চাওয়া হয়, সে কারণে উত্তর লেখার ক্ষেত্রে উত্তরটিকে প্রধান তিনটি অংশে বিভক্ত করে লিখতে হবে। সূচনা, মাঝখানের অংশ এবং উপসংহার। প্রশ্নের ধরন বুঝে উত্তরের মাঝের অংশটিকে পয়েন্ট অনুযায়ী প্রয়োজনমতো আরও কয়েকটি ভাগে ভাগ করে লেখা যায়। যুদ্ধবিগ্রহসহ অন্যান্য পয়েন্ট ও শিরোনামগুলোকে হাইলাইট করে দিলে পরীক্ষকের কাছে উত্তরটি পরিচ্ছন্ন বলে মনে হবে।# পাঁচটি বড় প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে সব কটি উত্তর প্রায় একই রকম মানের হতে হবে। একটির উত্তর অনেক বড় করে অন্যটির উত্তর সময়স্বল্পতার কারণে ছোট করে লিখলে আবার নম্বর কমে আসবে। ছোট প্রশ্নের ক্ষেত্রে কোনো উত্তর ছাড়া যাবে না, কারণ এতে নম্বর পেতে সুবিধা।# প্রথম পত্রের কিছু কিছু বিষয় যেমন দ্বৈত শাসন, দেওয়ানি, ছিয়াত্তরের মন্বন্তর প্রভৃতি বিষয় শিক্ষকদের কাছ থেকে ভালোভাবে বুঝে নিতে হবে।# ইতিহাসের সাল, তারিখগুলো ঠিকমতো লিখতে হবে। তবে কখনো যদি সাল, তারিখ মনে না থাকে, তবে ভুলটি না লেখাই ভালো।# প্রথম পত্রের পাঠ্যবইয়ে কিছু কিছু বিষয় একেবারেই তথ্যবহুল নয়। আর দ্বিতীয় পত্রের ইসলামের ইতিহাসের কিছু কিছু অধ্যায় খুবই বড়। সে ক্ষেত্রে বড় অধ্যায়গুলো কমিয়ে লিখতে হবে, তবে জরুরি বিষয় যেন বাদ না পড়ে।