সঠিকভাবে দায়িত্ব পালন করেছে তত্ত্বাবধায়ক সরকার
ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন বিগত তত্ত্বাবধায়ক সরকার তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। প্রথম আলোর জনমত জরিপে অংশ নেওয়া ৬৬ শতাংশ উত্তরদাতা এই মত দিয়েছেন। তবে ৩৩ শতাংশ এই মতের বিরোধিতা করেছেন। শহরের উত্তরদাতাদের মধ্যে ৬০ শতাংশ ও গ্রামের ৬৮ শতাংশ উত্তরদাতা তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকাকে সমর্থন করেছেন।২০০৭ সালের ১/১১-পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করেছে কি না, সে ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে গঠিত ওই সরকারে সামরিক বাহিনীর ভূমিকাকে মানুষ কীভাবে নিয়েছে, জরিপে তাও জানতে চাওয়া হয়।জরিপে অংশ নেওয়া মানুষের মধ্যে শহরের ৪০ ও গ্রামের ৩১ শতাংশ উত্তরদাতা মনে করেন, ফখরুদ্দীন আহমদের সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করেনি। পুরুষ ও নারীদের মধ্যে যথাক্রমে ৬৭ ও ৬৬ শতাংশ উত্তরদাতা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন নিয়ে ইতিবাচক ও ৩৩ শতাংশ করে নেতিবাচক মতামত দিয়েছেন।৭০ শতাংশ উত্তরদাতা মনে করেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সামরিক বাহিনী সঠিক ভূমিকা পালন করেছে। ২৮ শতাংশের মতে, সঠিক ভূমিকা পালন করেনি ও দুই শতাংশ বলেছেন, তাঁরা জানেন না। শহর ও গ্রামের উত্তরদাতাদের মধ্যে যথাক্রমে ৬৭ ও ৭১ শতাংশ উত্তরদাতা সামরিক বাহিনীর ভূমিকাকে সঠিক এবং ৩২ ও ২৬ শতাংশ সঠিক মনে করেন না। পুরুষ উত্তরদাতাদের মধ্যে ৭০ শতাংশ সামরিক বাহিনীর ভূমিকার পক্ষে ও ২৯ শতাংশ বিপক্ষে মতামত দিয়েছেন। নারীদের মধ্যে ৭০ শতাংশ পক্ষে ও ২৭ শতাংশ উত্তরদাতা বিপক্ষে মত দিয়েছেন।