সড়ক দুর্ঘটনা: বিআরটিএকে অনিয়ম খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, চালকেরা আইনকানুন না জেনেই গাড়ি চালায়। এতে দুর্ঘটনা বেড়ে যাচ্ছে। তিনি বিআরটিএকে এ বিষয়ে অনিয়ম খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।প্রধানমন্ত্রী আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান। আবুল কালাম আজাদ জানান, মন্ত্রিসভার বৈঠকের শুরুতে মন্ত্রিপরিষদসচিব এম এ আজিজ গত শনিবার সড়ক দুর্ঘটনায় নিহত মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রাজিয়া বেগম এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থার (বিসিক) চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমানের মৃত্যুতে শোকপ্রস্তাব উত্থাপন করেন। শোকপ্রস্তাব গ্রহণ করে মন্ত্রিসভায় তাঁদের আত্মার শান্তি কামনা করা হয়। বাংলাদেশের উন্নয়নে তাঁদের অবদানের কথাও উল্লেখ করা হয়। পরে রাজিয়া বেগমের পরিবারকে ২০ লাখ টাকা এবং সিদ্দিকুর রহমানের পরিবারকে ৩০ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়।প্রেস সচিব আরও জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ২০০৪ সালের আইন সংশোধন করে এই আইনটি অনুমোদন দেওয়া হয়েছে।বৈঠকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতায় আইসিটি ক্যাপাসিটি ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড গঠনের প্রস্তাব উপস্থাপন করা হয়। এটি আরও পরীক্ষা-নিরীক্ষা করে মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে উত্থাপনের নির্দেশ দেওয়া হয়।