সড়ক দুর্ঘটনায় এলজিইডির প্রকৌশলীসহ দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের বিনোদপুরে সড়ক দুর্ঘটনায় আজ শনিবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সহকারী প্রকৌশলীসহ দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।নিহত প্রকৌশলীর নাম মোকসেদ আলী (৫০)। তাঁর বাড়ি পবা উপজেলার কাটাখালী এলাকায়। তিনি তানোর উপজেলায় সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। নিহত অপর ব্যক্তির নাম আবু সাইদ (৩৪)। তিনি পবা উপজেলার কাটাখালী এলাকার একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী নগরের বিনোদপুরে আজ সকাল নয়টার দিকে রংপুরগামী বাসের সঙ্গে একটি হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ব্যবসায়ী আবু সাইদের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন আরও ১১ জন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রকৌশলী মোকসেদ আলী মারা যান। নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হিউম্যান হলারটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে ধাক্কা লাগালে এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।