সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের মেয়র আহত
চট্টগ্রামের মেয়র মনজুর আলম আজ বৃহস্পতিবার ভোরে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে এ সড়ক দুর্ঘটনা ঘটে। পরে তাঁকে চট্টগ্রামে কর্নেল হাটের বাসায় নিয়ে যাওয়া হয়। বেলা সোয়া ১১টার দিকে তাঁকে পাহাড়তলী চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে তাঁর চোখের নিচে ঢুকে যাওয়া কাচের টুকরা বের করা হয়। পরে নগরের জিইসি মোড়ে একটি ক্লিনিকে চেকআপ শেষে তাঁকে বাসায় ফিরিয়ে আনা হয়। চিকিৎসকেরা তাঁকে ৭২ ঘণ্টা বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানান মনজুর আলমের ছেলে সরোয়ার আলম।সরোয়ার আলম আরও জানান, আজ সন্ধ্যা সাতটায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তাঁর বৈঠক করার কথা ছিল। এর আগে বেলা ১১টায় জিয়াউর রহমানের কবর জিয়ারত করারও কথা ছিল। এ উদ্দেশে আজ ভোর চারটায় মনজুর আলম তাঁর ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারী ও আত্মীয়স্বজন নিয়ে দুটি গাড়িতে করে ঢাকার উদ্দেশে রওনা হন।পথে কুমিল্লার চৌদ্দগ্রামে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সামনে থাকা মেয়রকে বহনকারী গাড়িটির ধাক্কা লাগে। এতে গাড়িটির কাচ ভেঙে যায় এবং চালকসহ তিনি সামান্য আহত হন।এ দুর্ঘটনার পর তাঁরা ঢাকা না গিয়ে দ্বিতীয় গাড়িটিতে করে চট্টগ্রামে ফিরে যান।