সড়ক দুর্ঘটনায় চিকিৎসা কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় আজ মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় শাহনাজ সুলতানা ওরফে শিউলী (৩২) নামের একজন চিকিৎসা কর্মকর্তা নিহত হয়েছেন। বেলা ১১টার দিকে বগুড়া শহরের মাটিডালি এলাকার রাজা সিএনজি স্টেশনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।বগুড়ার সিভিল সার্জন খলিলুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, শাহনাজ সুলতানা বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে সহকারী সার্জন পদে কর্মরত ছিলেন। তবে তিনি শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশীদ প্রথম আলো ডটকমকে বলেন, রাজা সিএনজি স্টেশন থেকে সিএনজি গ্যাস নিয়ে ঢাকা-রংপুর মহাসড়কে উঠছিল রংপুরগামী মাইক্রোবাসটি। ওই সময় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বিআরটিসির বাস মাইক্রেবাসটিকে ধাক্কা দিয়ে বেশ কিছু দূর টেনেহিঁচড়ে নিয়ে যায়। একপর্যায়ে মাইক্রোবাসটি রাস্তার পাশে পড়ে যায়। মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে ভেতরে থাকা ওই চিকিৎসা কর্মকর্তা ঘটনাস্থলে প্রাণ হারান। এ ঘটনায় আরও পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।