চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় আজ মঙ্গলবার বিকেলে বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এর জেরে কাল বুধবার বিশ্ববিদ্যালয়ের সব শ্রেণী-কার্যক্রম ও পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।প্রত্যক্ষদর্শীরা জানান, মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহমেদ ফজলে মাওলা নামের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হন। তিনি হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইট সড়কসংলগ্ন মাজার এলাকায় আজ দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিকশার চালক ছাড়া আহত হন আরও পাঁচজন। গুরুতর আহত অবস্থায় আহমেদ ফজলে মাওলাকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় বেলা তিনটার দিকে মারা যান তিনি। তাঁর গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলা সদরের গন্ধপাড়া গ্রামে। আহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক আবু তাহের, স্থানীয় জোবরা গ্রামের রিয়াজ ও নাজমুল এবং ফতেপুর গ্রামের জামাল ও জালাল। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।সড়ক দুর্ঘটনায় ফজলে মাওলার মৃত্যুর শোকে কাল বুধবার বিশ্ববিদ্যালয়ের সব শ্রেণী-কার্যক্রম ও পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের তথ্য শাখার ডেপুটি রেজিস্ট্রার ফরহাত হোসেন খান প্রথম আলো ডটকমকে জানান।এদিকে ফজলে মাওলার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইট এলাকায় বিক্ষোভ করেন। এ সময় তাঁরা একটি বাস ভাঙচুর করেন। শিক্ষার্থীরা চট্টগ্রাম-হাটহাজারী সড়কও অবরোধ করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দ্দৌলা প্রথম আলো ডটকমকে বলেন, নিহত শিক্ষার্থীর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়গামী একটি মিনিবাস সার্ভিস তরীর সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। তবে পালিয়ে যাওয়ায় মিনিবাসের চালক কিংবা সহকারীকে আটক করা সম্ভব হয়নি। মিনিবাসটি আমাদের হেফাজতে রয়েছে।’