সড়ক দুর্ঘটনায় নিহত ৪, গাড়িতে আগুন
বরিশাল সদরের দিনারেরপুল নামক এলাকায় আজ বৃহস্পতিবার সকালে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ জন। এ ঘটনায় ক্ষুব্ধ জনগণ ওই বাসসহ দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। ভাঙচুর করে তিনটি বাস। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষুব্ধ জনতা ওই সড়কটি অবরোধ করে রেখেছে।পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে যাত্রীবাহী ওই বাসটি সদরের লাহাড়হাট থেকে বরিশাল শহরে আসছিল। পথে দিনারেরপুল এলাকায় বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয়। আহত হন ১১ জন। তবে হতাহত কারও পরিচয় এখনো জানা যায়নি। আহত ব্যক্তিদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, সড়ক অবরোধ তুলে নেওয়ার ব্যাপারে চেষ্টা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।