সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ ও চট্টগ্রামে আজ বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। সিরাজগঞ্জে আহত হয়েছেন ছয়জন।সিরাজগঞ্জের কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাসুদেব সিনহা প্রথম আলো ডটকমকে জানান, সকাল সাড়ে আটটার দিকে কাজিপুর উপজেলায় সিরাজগঞ্জ-কাজিপুর সড়কে দুবলাই বাসস্ট্যান্ড এলাকায় সিরাজগঞ্জগামী একটি মোটরসাইকেলকে একটি বালুবাহী ট্রাক পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তাড়াশ উপজেলার ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের সমন্বয়কারী আহসান হাবিব (৩১) নিহত হন। আহত হন একই সংগঠনের কাজিপুর উপজেলার সমন্বয়কারী রাশেদুল ইসলাম। আহসান হাবিবের বাড়ি কাজিপুরের বেড়িপটল গ্রামে। এ ঘটনার পর প্রায় এক ঘণ্টা সিরাজগঞ্জ-কাজিপুর সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। পরে পুলিশের মধ্যস্থতায় এলাকাবাসী অবরোধ তুলে নেয়।আজ ভোরে সিরাজগঞ্জ থেকে তাড়াশের মহিষলুটির দিকে যাওয়া একটি বাস হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের নাইমুরিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে সিরাজগঞ্জ পৌর এলাকার মাছ ব্যবসায়ী জনি (২২) নিহত হন। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। উভয় ঘটনায় কাজিপুর ও হাটিকুমরুল হাইওয়ে থানায় পৃথক মামলা হয়েছে। চট্টগ্রামে আজ ভোররাতের দিকে কর্ণফুলী থানার মইজ্যার টেক এলাকায় একটি লরির সঙ্গে পিকআপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ ভোররাত পৌনে তিনটার দিকে আনোয়ারার রায়পুর ইউনিয়নের গহিরা থেকে মাছবাহী একটি পিকআপ চট্টগ্রাম শহরের ফিশারি ঘাটের দিকে যাচ্ছিল। কর্ণফুলী থানার মইজ্যার টেক এলাকায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি সড়কের একপাশে দাঁড়ানো একটি লরিকে পেছন দিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই পিক-আপ আরোহী নিহত হন। তাঁরা হলেন—মাছ বিক্রেতা আব্বাস আলী (২০) ও ইয়াকুব আলী (৩২)। তাঁদের বাড়ি রায়পুরের পূর্ব গহিরার হাড়িয়াপাড়ায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম প্রথম আলো ডটকমকে জানান, ঘটনার পর পিকআপের চালক পালিয়ে গেছেন। নিহত দুজনের লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।