সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু
রাজধানীর সেগুনবাগিচায় মৎস্য ভবনের সামনে বাসের ধাক্কায় এক ব্যাংক কর্মকর্তা মারা গেছেন। নিহতের নাম মো. মোজাম্মেল হক (২৯)। তিনি বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের কাকরাইল শাখায় কনিষ্ঠ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। আজ বেলা আড়াইটায় এ দুর্ঘটনা ঘটে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, মৎস্য ভবনের সামনের রাস্তা পার হওয়ার সময় দুপুর আড়াইটার দিকে একটি বাস মোজাম্মেল হককে চাপা দিয়ে চলে যায়। আহত অবস্থায় মোজাম্মেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন তাঁর সঙ্গে থাকা একই শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা সাইদুজ্জামান। বেলা তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসকেরা মোজাম্মেলকে মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে প্রিমিয়ার ব্যাংকের কাকরাইল শাখার কর্মকর্তা লাভলী ইয়াসমিন প্রথম আলো ডটকমকে জানান, দুপুরে ব্যাংকের কাজে সাইদুজ্জামানের সঙ্গে বের হন মোজাম্মেল হক। এর পরই এই দুর্ঘটনার সংবাদ আসে।