সড়ক দুর্ঘটনায় মামা-ভাগনে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে আজ শনিবার সকালে একটি পিক-আপ ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শহরের আলমপুর স্কুলের সামনে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন—আনিস (১৭) ও বাবুল হোসেন (৩২)। তাঁদের বাড়ি কুষ্টিয়া শহরের খাজানগর গ্রামে। সম্পর্কে তাঁরা মামা-ভাগনে।নিহত ব্যক্তিদের স্বজনেরা প্রথম আলো ডটকমকে জানান, আনিস এসএসসি পরীক্ষার্থী ছিল। আনিসের অনুরোধে তার মামা বাবুল হোসেন তাকে মোটরসাইকেলে করে মেহেরপুরের মুজিবনগরে একটি পিকনিকের জন্য নিয়ে যাচ্ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে মেহেরপুর শহরের আলমপুর স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিক-আপ ভ্যান মোটরসাইকেলকে চাপা দেয়। এতে আনিস ও বাবুল মারা যান। ভ্যানটি ফেলে রেখে চালক পালিয়ে যান। গাড়ির গায়ে জামান ট্রেডার্স লেখা ছিল। তবে এর কোনো নম্বরপ্লেট নেই।মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক প্রথম আলো ডটকমকে জানান, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।