সড়ক যোগাযোগ ঠিক রাখতে মন্ত্রিসভা কমিটি
চলতি বর্ষা মৌসুম ও ঈদুল ফিতরে দেশের সড়ক যোগাযোগব্যবস্থা ঠিক রাখতে মন্ত্রিসভা কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। কমিটিতে যোগাযোগ মন্ত্রীর নেতৃত্বে ১০ জন মন্ত্রী ও ১২ জন সচিব থাকবেন।আজ রোববার বেলা ১১টায় যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ নিয়ে এক বৈঠক হয়। বর্ষা মৌসুমে দেশব্যাপী সড়ক যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখা ও ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান।মন্ত্রী জানান, ঈদ পর্যন্ত মাঠপর্যায়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের সব কর্মকর্তা-কর্মচারী, প্রকৌশলী ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। এ সময় তাঁদের সার্বক্ষণিক কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে জরুরি প্রয়োজনে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি সাপেক্ষে ছুটি নেওয়া যাবে। এ সময় প্রতিটি জাতীয় ও আঞ্চলিক এবং জেলা সড়কে ভ্রাম্যমাণ প্রতিনিধিদল সার্বক্ষণিক কাজ করবে। এই প্রতিনিধিদলের সঙ্গে ট্রাক ও সড়ক সংস্কারের সামগ্রী থাকবে। সড়কে গর্ত দেখা গেলে তারা তা ভরাট করবে। ভ্রাম্যমাণ দলগুলোর কাজের তদারক করতে যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে ১৯টি মনিটরিং দল গঠন করা হয়েছে বলে যোগাযোগ মন্ত্রী জানান।