সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গতকাল শনিবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিজেএসএ) ৫৮তম সম্মেলনের সমাপনীতে রাষ্ট্রপতি এবং উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।সম্মেলনের দ্বিতীয় পর্বে প্রধান অতিথির বক্তব্যে বিচারকদের নৈর্ব্যক্তিক থেকে কাজ করার আহ্বান জানান প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। তিনি বলেন, ‘আমিত্ব সবারই ভালো লাগে। কিন্তু বিচারকদের আমিত্ব প্রকাশ করার চেষ্টা ঠিক নয়।’গতকাল সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়া নির্ভর করে বিচারকদের প্রজ্ঞার ওপর। সামান্য ভুল সিদ্ধান্তে একজন বিচারপ্রার্থীর জীবনে সর্বনাশ নেমে আসতে পারে। তাই বিচারকাজ পরিচালনার সময় বিচারকদের সব রকম ভয়-ভীতি, রাগ-অনুরাগ এবং আবেগ পরিহার করে সর্বোচ্চ নিরপেক্ষতা প্রদর্শন করতে হবে। এ ক্ষেত্রে দেশের সংবিধান ও প্রচলিত আইনই বিচারকদের পথপ্রদর্শক বলে তিনি উল্লেখ করেন। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী বলেন, দেশে গণতন্ত্র না থাকলে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় না, আর আইনের শাসন না থাকলে গণতন্ত্র টেকসই হয় না। তাঁর দল বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী। তিনি বলেন, বিচার বিভাগের ওপর আস্থা ও বিশ্বাস থেকেই ২১ বছর পর প্রচলিত আইনেই বঙ্গবন্ধু হত্যার বিচার করা হয়েছে। সে সময় অনেকেই বিশেষ ট্রাইব্যুনাল করে খুনিদের বিচার করার পরামর্শ দিয়েছিলেন। বিচারকদের কাজের সুবিধার জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমরা শুধু বিচারকদের আর্থিক সুবিধার বিষয়টি সক্রিয় বিবেচনা করছি না, একই সঙ্গে তাঁদের নিরাপত্তার উদ্যোগও নিয়েছি। এ ছাড়া বিচারকদের বাসায় সহকারী প্রদানেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।’প্রধানমন্ত্রী বলেন, কাজের সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য বর্তমানে দেশের ৬৪টি জেলায় মুখ্য বিচারিক হাকিমের আদালত ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ৭৩২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এতে ৩৭টি জেলায় জমি অধিগ্রহণ ও ২৭টি জেলায় আদালত ভবনের ব্যয় অন্তর্ভুক্ত আছে। তিনি নিম্ন আদালতে বিচারকস্বল্পতার কথা উল্লেখ করে বলেন, ইতিমধ্যে ২১২ জন বিচারিক হাকিম নিয়োগ দেওয়া হয়েছে। শিগগিরই আরও ১০১ জনের নিয়োগ-প্রক্রিয়া শেষ হবে। এ ছাড়া শিক্ষানবিশ পর্যায়ে পদ শূন্য হলেই সেগুলো দ্রুত পূরণের ব্যবস্থা নেওয়া হবে। আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, একটি গোষ্ঠী বিচার বিভাগকে বিতর্কিত করার চেষ্টা করছে। সে ব্যাপারে সবাইকে সজাগ-সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিচারকদের সব বিতর্কের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করতে হবে।বিজেএসএর সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, মন্ত্রণালয়ের সচিব আনোয়ারুল হক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার আশরাফুল ইসলাম, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু সালেহ প্রমুখ। সম্মেলনে সারা দেশ থেকে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা যোগ দেন।অতিমানব হওয়ার প্রয়োজন নেই—প্রধান বিচারপতি: বিকেলে সম্মেলনের দ্বিতীয় পর্বে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বিচারকদের উদ্দেশে বলেন, ‘আমরা চাই ১০০ ভাগ সৎ হবেন। এ ব্যাপারে কোনো রকম ছাড় দেওয়া হবে না। আপনাদের আরও দায়িত্বশীল ও পরিশ্রমী হতে হবে। সবাই মেধাবী হয়ে যাবেন, এটা চাইছি না। আপনাদের অতিমানব হওয়ারও প্রয়োজন নেই, বাস্তবভিত্তিক হতে হবে।’প্রধান বিচারপতি বলেন, ‘অনেকেই ব্যঙ্গ করে বলে থাকেন, বিচারকদের (জজ) জবাবদিহি নেই। অবশ্যই বিচারকদের জবাবদিহি আছে। তাঁদের জবাবদিহি জনগণের কাছে, সৃষ্টিকর্তার কাছে এবং বিবেকের কাছে।’ এর ব্যাখ্যায় তিনি বলেন, বিচারকদের খেয়াল রাখতে হবে সাধারণ জনগণ যাতে বিমুখ না হন। কারণ, তাঁরা বিচারকদের বেতন-ভাতা দেন। রায় দেওয়ার আগে বারবার চিন্তা করতে হবে, সৃষ্টিকর্তা সবই দেখছেন। রায় দেওয়ার আগে আইন দেখতে হবে, ঘাঁটতে হবে রেকর্ড। তারপর বিবেক যা বলবে, তা-ই করতে হবে। বিচারক যা সত্য মনে করবেন, তা-ই করবেন।গণমাধ্যমের প্রতি প্রধান বিচারপতি বলেন, যত দূর সম্ভব হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারকদের নাম উল্লেখ না করে প্রতিবেদন করবেন। কে রায় দিয়েছেন, সেটা না লিখে হাইকোর্ট বা আপিল বিভাগের বেঞ্চ রায় দিয়েছেন, সেটাই উল্লেখ করা সমীচীন। তিনি বলেন, পত্রিকায় নাম ছাপা হলে বিচারকদের মধ্যে আরও নাম ছাপানোর প্রবণতা কাজ করতে পারে। এতে চাঞ্চল্য সৃষ্টির জন্য রায় দেওয়ার সুযোগ থাকে।বিচারকদের অবকাঠামোগত সব সুযোগ-সুবিধা (লজিস্টিক সাপোর্ট) না দেওয়ার কারণে আদালতে মামলার জট বাড়ছে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। তিনি মঞ্চে বসা আইনমন্ত্রী ও প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘বিচারকাজ পরিচালনার জন্য লজিস্টিক সাপোর্ট বাড়াবেন না, শুধু আমার বিচারকদের দোষ দেবেন, এটা হবে না। বর্তমানে বিচারক যা আছে তার সংখ্যা দ্বিগুণ করতে হবে।’ বিচারব্যবস্থায় তথ্যপ্রযুক্তি প্রয়োগের আহ্বান রাষ্ট্রপতির: সম্মেলনের শেষ পর্বে সারা দেশ থেকে যোগ দেওয়া জেলা জজ ও সমমর্যাদার বিচারকেরা বঙ্গভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।রাষ্ট্রপতি বলেন, একটি নিরপেক্ষ, স্বাধীন ও মানসম্পন্ন বিচারব্যবস্থা গড়ে তোলায় বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ। বিচারকেরা অধিকতর নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করলে জনদুর্ভোগ লাঘবের পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠা সহজতর হবে। তিনি একবিংশ শতাব্দীকে তথ্যপ্রযুক্তির যুগ উল্লেখ করে বলেন, এ যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে বিচারব্যবস্থাতেও তথ্যপ্রযুক্তির প্রয়োগ ঘটাতে হবে।রাষ্ট্রপতি বলেন, দেশের জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি অপরাধের মাত্রা ও ধরন পরিবর্তিত হয়েছে। একই সঙ্গে আদালতগুলোতে বেড়েছে মামলার জট। বিচার অঙ্গনের নানাবিধ সমস্যার মধ্যে মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। বিচারপ্রার্থীরা যাতে দ্রুততম সময়ে ও স্বল্প খরচে বিচার পান, সে জন্য পদক্ষেপ নিতে তিনি বিচারকদের প্রতি অনুরোধ জানান।