অভিনন্দন অনুষ্ঠানে বক্তারা
সততার সঙ্গে ব্যবসা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন লতিফুর রহমান
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তির ক্ষেত্রে প্রথমেই যেটি আসে তা হলো দুর্নীতি। এর মধ্যে যদি ব্যবসা থাকে তাহলে সন্দেহ বাড়ে যে এখানে দুর্নীতির সূত্র আছে। এ অবস্থায় ব্যবসায় সততা ও নৈতিকতার জন্য লতিফুর রহমানের পুরস্কার জাতিকে গৌরবান্বিত করেছে।ব্যবসায় নোবেল খ্যাত ‘বিজনেস ফর পিস’ পুরস্কার পাওয়ায় প্রথম আলো ও ডেইলি স্টারের পক্ষ থেকে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানকে দেওয়া এক অভিনন্দন অনুষ্ঠানে ড. ইউনূস এসব কথা বলেন। নগরের একটি হোটেলে এ সংবর্ধনার আয়োজন করা হয়।শিক্ষাবিদ ড. জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের যে ভাবমূর্তি, তা হচ্ছে বাংলাদেশ একটি দুর্নীতিগ্রস্ত দেশ। দুর্নীতিগ্রস্ত এ দেশে নৈতিকতার আদর্শ থেকে বিচ্যুত না হয়েও সততার সঙ্গে যে ব্যবসা করা যায়, তার দৃষ্টান্ত স্থাপন করেছেন লতিফুর রহমান।জিল্লুর রহমান সিদ্দিকী আরও বলেন, ‘লতিফুর রহমানের মতো মানুষ পেলে অনেক হতাশার মধ্যেও আমরা আশার কারণ খুঁজে পাব। ব্যবসা-বাণিজ্যে দেশ এগিয়ে যাবে।’নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান অনুষ্ঠানে আগতদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।স্বাগত বক্তব্যে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘বিশ্বে বিভিন্নভাবে বাংলাদেশ তিরস্কৃত হয়। কেউ হয়তো ধারণা করতেও পারত না আমাদের একজন সততার জন্য বিশ্বে নন্দিত হয়েছেন।’ সাংবাদিকতায় স্বাধীনতা সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে লতিফুর রহমানের অবদান তুলে ধরে তিনি বলেন, ‘আমি গর্বের সঙ্গে বলতে চাই, ২১ বছরেরও বেশি সময় ধরে আমি লতিফুর রহমানের সঙ্গে কাজ করছি। এক মুহূর্তের জন্যও সাংবাদিকতার পৃথিবীতে উনার (লতিফুর রহমান) কোনো উপস্থিতি ছিল না। কিন্তু আমার কাজ কিংবা ডেইলি স্টার, প্রথম আলোয় প্রকাশিত অনেক লেখার কারণে তাঁকে খেসারত দিতে হয়েছে।’সমাপনী বক্তব্যে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘প্রথম আলো, ডেইলি স্টার, সামগ্রিকভাবে সবাই মিলে দেখতে চাই দেশ এগিয়ে চলেছে। নানা উত্থান-পতনের মধ্য দিয়েও দেশ এগিয়ে চলছে।’ অমর্ত্য সেনকে উদ্ধৃত করে প্রথম আলোর সম্পাদক বলেন, ‘সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্যে বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে আছে। এটি সত্যি। এসব আমাদের আনন্দিত করে।’ তিনি বলেন, ‘প্রথম আলো ও ডেইলি স্টার সম্পূর্ণ স্বাধীনভাবে পরিচালিত হয়। এর চেয়ে স্বাধীনভাবে দেশে এমনকি সারা বিশ্বে কোনো পত্রিকা চলতে পারে কি না, তাঁর জানা নেই।’অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, শিল্পী মুস্তাফা মনোয়ার, হাসান ইমাম, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক এবিএম মূসা, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সরওয়ার, কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, শিল্পী মুস্তাফা জামান আব্বাসী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-অর-রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত আলী খান, সাবেক কূটনীতিক ফারুক আহমেদ চৌধুরী, ‘নিজেরা করি’-এর প্রধান খুশি কবির, খোন্দকার ইব্রাহিম খালেদ, নিটল টাটা গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহমাদ, জাদুশিল্পী জুয়েল আইচ, অভিনয়শিল্পী আফজাল হোসেন, নোবেল, শিল্পী নকিব খানসহ দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।