যুদ্ধাপরাধীদের বিচারে ট্রাইবুন্যাল গঠন
সতর্ক আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ট্রাইবুন্যাল গঠনকে কেন্দ্র করে দেশে যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না হয়, সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক আছে। এ ব্যাপারে বিশেষ প্রস্তুতিও নিয়েছে তারা। আজ বুধবার রাজারবাগ পুলিশ টেলিকম মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের এ কথা বলেন। বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্কের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও নারী দিবস উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন প্রধান অতিথি।সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাহারা খাতুন বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ট্রাইবুন্যাল গঠনকে সামনে রেখে পুলিশের বিশেষ প্রস্তুতি রয়েছে।বাংলাদেশ পুলিশে নারীর অবস্থান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে দুজন নারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছেন। আরও দুজন নারী ওসি ও দুজন নারী পুলিশ সুপার নিয়োগ দেওয়া হবে।অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজি) নূর মোহাম্মদ বলেন, ট্রাইবুন্যাল গঠনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো আশঙ্কা তাঁরা করছেন না। এ বিষয়ে কোনো হুমকিও নেই। এর পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত।পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) ফাতেমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবাহান, বাংলাদেশে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি রেনেটা লক ডেসালিয়েন প্রমুখ উপস্থিত ছিলেন।