শুভেচ্ছা নিয়ো। এসএসসি পরীক্ষায় কৃষি শিক্ষা বিষয়ে ভালো ফল অর্জনের জন্য তোমাদের যে বিষয়গুলোতে সচেতন হতে হবে, সেগুলো সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করছি। সব প্রশ্নই আসবে পাঠ্যবই থেকে। তাই পাঠ্যবইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়তে হবে। জ্ঞানমূলক প্রশ্নের জন্য প্রতিটি পরিচ্ছেদ থেকে যাবতীয় সংজ্ঞা ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর মুখস্থ করতে হবে। অনুধাবন স্তরের জন্য পাঠ্যবইয়ের তথ্যগুলো ভালো করে বুঝে পড়তে হবে। প্রয়োগ স্তরের উত্তর দেওয়ার জন্য চিত্র, নকশা, পরিমাপ, সংখ্যামূলক বিভিন্ন তথ্যের বিষয়ে সতর্ক থাকতে হবে। উচ্চতর দক্ষতা স্তরের জন্য পাঠ্যবই থেকে অর্জিত জ্ঞান নতুন পরিস্থিতিতে সংশ্লেষণও বিশ্লেষণের মাধ্যমে নিজের যুক্তি দেখাতে হবে। অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা স্তরের প্রশ্নোত্তর গতানুগতিক আলোচনা না করে পয়েন্টভিত্তিক উত্তর দিলে ভালো নম্বর পাবে। কৃষি শিক্ষা একটি প্রায়োগিক বিষয় বিধায় প্রশ্নের উত্তর অবশ্যই সঠিক ও তথ্যবহুল হতে হবে। বিষয়বস্তু সম্পর্কে সঠিক ধারণা না থাকলে অযথা প্রশ্নোত্তর বড় করে লেখার চেষ্টা করবে না। অপ্রাসঙ্গিক লেখা পরীক্ষকের বিরক্তির কারণ হতে পারে। আশা করি, তোমরা এ বিষয়গুলো মেনে চলবে।