সত্তরের পেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এডসন অরান্তেস দো নাসিমেন্তো পেলে। চারটি বিশ্বকাপ খেলেছেন, ফুটবলের সবচেয়ে সম্মানজনক শিরোপাটি জিতেছেন তিনবার। তাঁর খেলায় কোনো দুর্বলতা খুঁজে পাননি বোদ্ধারা। তাঁকে তো এমনিতেই সর্বকালের সেরা বলা হয় না!পেলে-কিংবদন্তির চূড়াটা দেখেছে ১৯৭০-এর বিশ্বকাপ, যেবারই প্রথম রং ঝলমল সম্প্রচার হয়েছে বিশ্বব্যাপী। ব্যক্তিগত নৈপুণ্যের ঝলক আর দলীয় খেলার অপূর্ব সমন্বয় মিলে পেলে ও তাঁর তারকাখচিত দল এই বিশ্বকাপে উপহার দিয়েছিল প্রায় নিখুঁত ফুটবল। খেলার মুহূর্তগুলো ভরা ছিল তাঁদের ব্যক্তিগত নৈপুণ্যের ঝলকানিতে। আর তা দিয়েই তাঁরা জিতে নিয়েছিলেন গোটা ফুটবলবিশ্বের হূদয়।ইতালির বিপক্ষে ব্রাজিলের ফাইনালটি ছিল রোমাঞ্চকর এক লড়াই এবং এর মধ্যমণি ছিলেন পেলে। ৪-১ গোলে ম্যাচটি জিতে নেয় ব্রাজিল, দারুণ এক হেডে প্রথম গোলটি করেন তিনিই। ব্রাজিলের তৃতীয় গোলটিতে অবদান রাখার পর সবাইকে মুগ্ধ করে দেওয়া কার্লোস আলবার্তোর দেওয়া দলের চতুর্থ গোলটিরও উৎস হয়েছিলেন পেলে। আলবার্তোকে শেষ পাসটি দিয়েছিলেন পেলে, কিন্তু অনিন্দ্যসুন্দর গোলটির পেছনে ছিল আটজন খেলোয়াড়ের সমন্বিত প্রচেষ্টা।তিনবার বিশ্বকাপ জেতায় জুলেরিমে ট্রফিটাকে চিরতরে পেয়ে যায় ব্রাজিল। আর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে কিংবদন্তি তকমাটাও পাকা করে নেন পেলে। ’৭০-এর সেই ফাইনালে পেলেকে আটকানোর দায়িত্ব পড়েছিল ইতালির ডিফেন্ডার বার্গনিচের কাঁধে। টুর্নামেন্ট শেষে পেলে সম্পর্কে তিনি যা বলেছিলেন, তা তো এখন বিশ্বফুটবলের বাণী চিরন্তনীর অংশ, ‘ম্যাচের আগে আমি নিজেকে বলেছিলাম, সে রক্ত-মাংসে গড়া মানুষ। আসলে আমি ভুল বলেছিলাম।’পেলের জবানিতে১৯৬৬ বিশ্বকাপে আমি চোট পেয়েছিলাম। ভেবেছিলাম, আর কোনোদিন বিশ্বকাপই খেলতে পারব না। কিন্তু পরে আমি ভাবতে শুরু করলাম—আরেকবার আমি নিজেকে, ব্রাজিলকে, এমনকি গোটা বিশ্বকে দেখিয়ে দেওয়ার সুযোগ পেতেও পারি। ভাবলাম, আর সেটাই হবে আমার সর্বকালের সেরা হওয়ার সুযোগ। এর পরই আমি নিজেকে মানসিক ও শারীরিকভাবে তৈরি করতে শুরু করি। আমার মনে হয়, ১৯৭০ বিশ্বকাপে আমার ‘আমি’ হয়ে ওঠার বড় কারণ ছিল এটাই।চেকোস্লোভাকিয়ার বিপক্ষে মাঝরেখা থেকে নেওয়া সেই শট প্রসঙ্গেদূরপাল্লার শটে গোল করার একটা প্রচেষ্টা ছিল এটা—বলতে পারেন একটু দুঃসাহসও। বলটি জালে ঢুকলে এর সৌন্দর্য আরও বেড়ে যেত। আমি আগেই লক্ষ করেছিলাম, চেক গোলরক্ষকের গোললাইন থেকে বেরিয়ে আসার একটা প্রবণতা আছে। এ কারণেই আমি ৬৫ গজ দূর থেকে ওই শটটি নিয়েছিলাম। সেই ম্যাচের পর সাংবাদিকেরা আমাকে প্রশ্ন করেছিলেন, আমার দূরদর্শিতার প্রমাণ দিতেই ওই শটটি নিয়েছিলাম কি না। আসলে ব্যাপারটা ও রকম কিছু ছিল না। যদিও বলটা জালে ঢোকেনি। তবে এই শটটি দলকে উদ্দীপ্ত করেছিল এবং এরপর ম্যাচে কেবল ব্রাজিলই ছিল।ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়েদারুণ একটা দল ছিল তাদের। তাদের তিনজন খেলোয়াড়—ববি মুর, ববি চার্লটন ও গর্ডন ব্যাঙ্কস; এঁরা যেকোনো ব্রাজিল দলে সুযোগ পাওয়ার যোগ্য। আমরা ইংল্যান্ডকে খুব সমীহ করতাম, কিন্তু আমি ভয় পেতাম না। আমরা জানতাম, তাদের রক্ষণভাগ কিছু ঝামেলায় ফেলবে এবং হয়েছিলও তা-ই। বিশেষ করে, ব্যাঙ্কস অনেক সেভ করেছে। তবে দলগত প্রচেষ্টায় দুর্দান্ত একটা গোল করে আমরা ১-০ করে ফেলি এবং ম্যাচটা শেষ হয় এভাবেই।ইতালির বিপক্ষে ফাইনালযাদের ‘সুন্দর দল’ বলা হতো, যে দলটি ফুটবলের সর্বকালের সেরা ছিল; তারা ফাইনালে ইতালির মুখোমুখি হলো। অদম্য শক্তি বনাম অনড় বাধা। আমরাই ফেবারিট ছিলাম। কিন্তু অ্যাজটেকা স্টেডিয়ামের এক লাখ দর্শক এবং টিভিতে ১০০ কোটি দর্শক ব্যাপারটা কী হয়, সেটা দেখার অধীর প্রতীক্ষায় ছিল। ইতালি রক্ষণাত্মক হয়ে পড়ল এবং চাপে পড়ে জুঝল। কিন্তু আমরা সুযোগ তৈরি করলাম অজস্র। আমিসহ আমাদের অনেকেই সেদিন ফর্মে ছিলাম। ব্রাজিলের জার্সি গায়ে আমার অন্যতম সেরা ম্যাচ ছিল সেটি। জয়টা আমাদের প্রাপ্য ছিল এবং বেশ কয়েকজন খেলোয়াড়ের সমন্বিত প্রচেষ্টায় পাওয়া আমাদের শেষ গোলটি ছিল দুর্দান্ত এবং নিখুঁতভাবেই দেখিয়ে দিলাম, আমরা কী ছিলাম।বিশ্বকাপ জয় নিয়েশেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই হইহই রইরই কাণ্ড বেধে গেল। মুহূর্তের মধ্যে মানুষ স্রোতের মতো ঢুকল মাঠে এবং স্যুভেনির শিকারিরা আমাদের জার্সি, এমনকি প্যান্টও টেনে নিতে শুরু করল। সমর্থকদের সমুদ্র আমাকে তো টেনে ওপরে তুলে ফেলল। নিজেকে ড্রেসিংরুমে টেনে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত বেশ কয়েক মিনিট কাটল এভাবেই। শাওয়ারে গিয়েই কিছুটা নির্জন সময় পেলাম আমি। দারুণ এই অর্জনের জন্য সেখানে বসেই ঈশ্বর আর আমার পরিবারের লোকজনকে ধন্যবাদ জানালাম। এরপর জুলেরিমে ট্রফি নিতে আমরা সবাই আবার মাঠে গেলাম। কার্লোস আলবার্তো যখন ট্রফিটা ওপরে তুলে ধরল, সেই সময়টায় যে আবেগ আমাদের ছুঁয়ে গেল, সে রকম কিছুর সঙ্গে আগে কখনো পরিচয় ছিল না আমার। আমি শুধু জানতাম, মানুষ বাড়িতে ফিরলেই শুধু এমন আবেগের ঢল নামে।