সত্য আড়াল করার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ মানবাধিকার সংস্থায় বাংলাদেশের পরিস্থিতির সর্বজনীন পরিবীক্ষণ সভায় সরকারের পেশ করা প্রতিবেদন ও ব্যাখ্যায় দেশের মানবাধিকার সংগঠকেরা অসন্তোষ প্রকাশ করেছেন। জেনেভায় অনুষ্ঠিত এই ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ বা ইউপিআরে অংশ নিতে আসা বাংলাদেশের মানবাধিকার সংগঠকেরা প্রথম আলোর সঙ্গে আলাপকালে সরকারের জবাবদিহির চেষ্টাকে ইতিবাচক হিসেবে বর্ণনা করলেও সব ‘উত্তর সন্তোষজনক নয়’ অথবা অনেক ক্ষেত্রে ‘সত্যকে আড়াল করার চেষ্টা’ বলে অভিহিত করেছেন।জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, বিনা বিচারে হত্যা, আটক অবস্থায় নির্যাতন এবং গুমের মতো ঘটনায় নিরাপত্তা বাহিনীর জড়িত থাকার বিষয়টিকে আড়াল করার চেষ্টা অন্যদের দৃষ্টি এড়াতে পারেনি। মিজানুর রহমান বলেন, বিনা বিচারে হত্যা কমে আসার পরিসংখ্যান তুলে ধরা, আইনে আটক ব্যক্তিকে নির্যাতনের সুযোগ না থাকার ব্যাখ্যা এবং অপহরণের ঘটনাগুলোর দায় শুধু অপরাধী চক্রের ওপর চাপানোর চেষ্টায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ দূর হয়নি।মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, সরকার দেশের ভেতরেও ব্যাপক ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে প্রতিবেদনটি তৈরি করায় তাদের চেষ্টায় আন্তরিকতার ছাপ ছিল। কিন্তু তাদের সব ব্যাখ্যা সন্তোষজনক নয়। তিনিও বিনা বিচারে হত্যা ও গুমের ঘটনাগুলো সরকারিভাবে অস্বীকার করার সমালোচনা করেন।সুলতানা কামাল বলেন, সরকার গুমের অভিযোগগুলো অস্বীকার করে দাবি করেছে যে অপরাধীরা অপহরণের ঘটনায় জড়িত এবং নিরাপত্তা বাহিনী এ ধরনের অনেক অপহূত ব্যক্তিকে উদ্ধার করেছে। অথচ যেসব গুমের ঘটনায় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অপহূতের আত্মীয়স্বজনের অভিযোগ, সেসব ঘটনায় তাদের কেউ ফেরত আসেনি এবং অভিযোগগুলোর তদন্তও হয়নি। তিনি বলেন, পুলিশের মধ্যে দলীয়করণের কারণে অভিযোগের তদন্ত হয় না, আইনজীবী ও চিকিৎসকদের মধ্যে দলীয়করণের কারণে তদন্ত ও বিচার-প্রক্রিয়ায় প্রভাব পড়ে। ফলে মানুষ বিচারের প্রতি আস্থা রাখতে পারছে না। মানবাধিকার সংস্থা অধিকারের আদিলুর রহমান খান বলেন, সরকার সত্যকে গোপন করার চেষ্টা করেছে। তিনিও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো অস্বীকার, গুম, বিনা বিচারে হত্যা এবং নির্যাতনের বিষয়গুলোতে সরকারিভাবে পেশ করা প্রতিবেদন ও ব্যাখ্যায় অসন্তোষ প্রকাশ করেন।সুলতানা কামাল বলেন, নারী অধিকার এবং তাদের সুরক্ষার বিষয়ে সরকার যে অনেক চেষ্টা করছে, সেটার স্বীকৃতি অন্যান্য দেশের প্রতিনিধিদের আলোচনায় প্রতিফলিত হয়েছে। তবে তার পরও নারী নির্যাতন বন্ধ, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা, পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন ও সেখানকার মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে সরকারের চেষ্টায় ঘাটতি রয়ে গেছে। সরকারের আর যে ব্যর্থতা খুব বড় আকারে উঠে এসেছে, তা হলো শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষার প্রশ্নে সরকারের তদারকি ও নিয়ন্ত্রণব্যবস্থার ঘাটতি।মিজানুর রহমান অবশ্য বলেন, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির বিষয়গুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি এড়ায়নি। তাঁর হিসাব অনুযায়ী, ৯৮টি দেশ তাদের মতামত দিয়েছে, যাদের মধ্যে ৫৫টি ইতিবাচক, ২০টি রাষ্ট্রের সমালোচনামূলক এবং ২২টি রাষ্ট্রের মূল্যায়ন মিশ্র প্রকৃতির।