সত্য উচ্চারণ করায় আমি কয়েকজন দুর্বৃত্তের শত্রু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেছেন, কয়েকজন দুর্বৃত্ত সম্পদের পাহাড় গড়তে চায়। ওই সব মানুষের লোভের কারণেই সমাজে এত বৈষম্য। তিনি বলেন, ‘ভূমিদস্যুদের বিরুদ্ধে সত্য উচ্চারণ করায় আমি আজ কয়েকজন দুর্বৃত্তের শত্রু। তবে কোনো হুমকির মুখেই আইন ও নীতি অমান্য করে কাউকে সম্পদের পাহাড় গড়তে দেওয়া হবে না।’রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল সোমবার অন্বেষণ আয়োজিত বস্তিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, বস্তি উচ্ছেদ এই সরকারের নীতি নয়। পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনো বস্তি উচ্ছেদ করা হবে না। ২০২১ সালের মধ্যে সরকার সবার আবাসনের ব্যবস্থা করবে।ডিটেইল্ড এরিয়া প্ল্যানের (ড্যাপ) ব্যাপারে প্রতিমন্ত্রী বলেন, সবার সঙ্গে পরামর্শ ও আলোচনা করে ড্যাপের গেজেট প্রকাশ করা হয়েছে। পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ড্যাপকে স্বাগত জানিয়েছেন। কিন্তু কয়েকজন দুর্বৃত্তের তা পছন্দ হচ্ছে না। এঁদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নইলে বস্তিবাসীদের সমস্যারও কোনো সমাধান হবে না। তিনি বলেন, শেখ হাসিনা এ দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ-তিতিক্ষা সহ্য করেছেন। আওয়ামী লীগের সরকার যদি ব্যর্থ হয়, তাহলে সব ব্যর্থ হয়ে যাবে।অনুষ্ঠানের সভাপতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম বলেন, নগর ও গ্রাম সব জায়গায়ই আবাসন সমস্যার সমাধান জরুরি। তবে পরিকল্পিতভাবে এটি করতে হবে। পুনর্বাসন ছাড়া কাউকে কোনো জায়গা থেকে উচ্ছেদ করা উচিত নয়।জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন বলেন, একজন ব্যক্তি কী করে শত শত বিঘা জমির মালিক হলেন, সেটি একটি বড় প্রশ্ন। অতীতে কেউ এ নিয়ে কথা বলেননি। এই প্রথম একজন মন্ত্রী এই সত্য উচ্চারণ করলেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, পূর্ত প্রতিমন্ত্রী ভূমিদস্যুদের বিরুদ্ধে যে সংগ্রাম করছেন সেটি বৃথা যাবে না। ভূমিদস্যুরা সমানে খালবিল দখল করছেন। কিন্তু কেউ যদি মনে করেন, টাকা দিয়ে সব কেনা যাবে, ভয় দেখিয়ে যা ইচ্ছা করা যাবে, সেটি ভুল। দেশবাসী পূর্ত প্রতিমন্ত্রীর সঙ্গে আছে। তিনি বলেন, নিম্ন আয়ের মানুষকেও জমি কেনার সুবিধা দেওয়া উচিত। তাঁদের সম্মানজনক আবাসনের ব্যবস্থা করতে হবে।অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অন্বেষণের প্রকল্প পরিচালক এ কে এম ফকরুদ্দিন আহমেদ। তিনি বলেন, বস্তিবাসীদের পানি-বিদ্যুৎ-গ্যাসের জন্য ধনীদের চেয়েও অনেক বেশি খরচ করতে হয়। কিন্তু তাঁদের ভোগান্তির শেষ নেই। পরিকল্পিতভাবে এসব সমস্যার সমাধান করতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) প্রধান বস্তি উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন পাটোয়ারী, ডিসিসির কাউন্সিলর শিরিন রোখসানা ও অন্বেষণের নির্বাহী পরিচালক মিতালী নুসরাত পারভীন।