সত্য প্রতিষ্ঠায় দৃঢ় থাকার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোমাদের চারদিকে দুষ্টশক্তির অজস্র ফাঁদ পাতা। সেসব ফাঁদ পেরিয়ে এগিয়ে যাওয়ার ও জেগে ওঠার পথ তোমাদেরই তৈরি করতে হবে। কারণ, তোমরা না জাগলে বাংলাদেশ জাগবে না। জীবনের শেষ দিন পর্যন্ত সৎ থেকে সত্য প্রতিষ্ঠায় দৃঢ় থাকো। গতকাল শুক্রবার দেশের তিনটি স্থানে প্রথম আলো ও টেলিটক আয়োজিত এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া চার হাজার ৪৫৭ জন কৃতী শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা এসব পরামর্শ দেন।রাজশাহী: নগরের ছোট বনগ্রাম এলাকায় শহীদ জিয়া শিশুপার্কে সংবর্ধনা অনুষ্ঠানে রাজশাহীর ৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ৬৫০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। সকাল ১০টায় বন্ধুসভার সদস্যদের পরিবেশনায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। রাজশাহী বন্ধুসভার সভাপতি মনিরা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষক ইকবাল মতিন, রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক নিতাই কুমার সাহা, টেলিটকের সহকারী ব্যবস্থাপক আলভি ইসলাম, প্রথম আলোর সহকারী সম্পাদক ফারুক ওয়াসিফ, রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ ও রাজশাহী বন্ধুসভার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম। কৃতী শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেয় তাসফিয়া তামান্না, মুক্তি রানী ও সারোয়ার হাসান। ইকবাল মতিন বলেন, ‘তোমাদের মধ্যে ভালো ফলের পাশাপাশি ভালো মানুষ হওয়ার প্রতিযোগিতা থাকতে হবে।’ নিতাই কুমার সাহা বলেন, ‘জীবনের শেষ দিন পর্যন্ত তোমাদের সৎ থাকার চেষ্টা করতে হবে। সত্য প্রতিষ্ঠায় তোমরা দৃঢ় থেকো।’ ফারুক ওয়াসিফ শিক্ষার্থীদের জেগে ওঠার আহ্বান জানিয়ে বলেন, ‘তোমরা নিজেদের রক্ষা করতে না পারলে বাংলাদেশ বাঁচবে না।’ অনুষ্ঠানে সেরা বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেস্ট গ্রহণ করেন রাজশাহী সরকারি বালিকা বিদ্যালয়-হেলেনাবাদের সহকারী শিক্ষক আবদুস সাত্তার, রাজশাহী ক্যাডেট কলেজের প্রভাষক হাবিবুর রহমান ও গভ. ল্যাবরেটরি স্কুলের সহকারী শিক্ষক শেখ মনিরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে বন্ধুসভার সদস্যরা দলীয় নৃত্য পরিবেশন করেন। এরপর গান করেন নদী, সিরাজুম মনিরা, লামিয়া তাবাসসুম, রুবাইয়াত-ই-মেহজাবিন, তুষার মাহমুদ, নূর বিনতে সুলতানা, রাইদ ইসলাম ও রাকিবুল ইসলাম। কুমিল্লা: জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সকাল ১০টায় বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কুমিল্লা মহানগর ও জেলার ১৬টি উপজেলার এক হাজার ৩৭৭ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার সদস্যরা। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী ছাড়াও জেলার সেরা তিন শিক্ষাপ্রতিষ্ঠান—কুমিল্লা জিলা স্কুল, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও কুমিল্লা ক্যাডেট কলেজকে ক্রেস্ট দেওয়া হয়। বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খান, শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক কুণ্ডু গোপীদাস, ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম আছাদুজ্জামান, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার, টেলিটকের কুমিল্লা অঞ্চলের কনিষ্ঠ নির্বাহী সামিউল করিম ও জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থী কুমিল্লা মডার্ন হাইস্কুলের মাকসুরা হাশেম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার উপদেষ্টা গাজীউল হক। প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ‘প্রথম আলো কেবল সংবাদ পরিবেশন নয়, সামাজিক গণজাগরণ তৈরি করে। শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য গণিত অলিম্পিয়াড, ভাষা প্রতিযোগ, ইন্টারনেট উৎসব ও বিতর্কচর্চায় অগ্রণী ভূমিকা রাখছে।’ দিনাজপুর: বেলা তিনটায় জিলা স্কুল মিলনায়তনে অনুষ্ঠানে দিনাজপুরের ১৩টি উপজেলার এক হাজার ৪৩০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে দিনাজপুর শিক্ষা বোর্ডের শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে চিরিরবন্দরের আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল, দ্বিতীয় সেরা দিনাজপুর জিলা স্কুল এবং তৃতীয় সেরা দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রথম আলোর যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান খান বলেন, বর্তমানে দেশের সবচেয়ে বড় সংকট সামাজিক মূল্যবোধ আর নীতি-নৈতিকতার। নতুন প্রজন্মের মেধাবী তরুণদের সেই মূল্যবোধে উদ্দীপ্ত করতেই দেশজুড়ে প্রথম আলো-টেলিটক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করেছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুলের কৃতী শিক্ষার্থী মাইশা মালিহা অনন্যা বলে, ‘গুণী ব্যক্তিরা আজ যেভাবে সংবর্ধনা দিলেন, তাতে মনে ভীষণ চাপ অনুভব করছি।’ অন্যান্যের মধ্যে বিশিষ্ট চিকিৎসক বি কে বোস, টেলিটক বাংলাদেশ লিমিটেডের আঞ্চলিক ব্যবস্থাপক শাহ্ মো. মাসুম, প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি আসাদুল্লাহ্ সরকার এবং বন্ধুসভার সভাপতি অমিতাভ পাল বক্তব্য দেন।