সত্যজিৎ রায়কে পুরস্কার উৎসর্গ করেছেন সৌমিত্র
‘এটাই আমার জীবনের সেরা প্রাপ্তি। আমি খুশি এবং আনন্দিত। এই পুরস্কার আমি উৎসর্গ করছি সত্যজিৎ রায়কে। তিনিই আমার চলচ্চিত্রজীবন তৈরি করে দিয়েছেন।’ দাদা সাহেব ফালকে পুরস্কার গ্রহণ করার পর এভাবেই নিজের অনুভূতি জানালেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এবার ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘দাদা সাহেব ফালকে পুরস্কার’ পেয়েছেন তিনি। গত বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ৫৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে সৌমিত্রের হাতে এ পুরস্কার তুলে দেন ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারি।পুরস্কার হিসেবে সৌমিত্রকে দেওয়া হয় স্মারক সম্মান একটি স্বর্ণকমল, শাল এবং ১০ লাখ রুপির চেক।সত্যজিৎ রায়ের হাত ধরে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের। তাঁর প্রথম ছবি অপুর সংসার মুক্তি পায় ১৯৫৯ সালে। বেঙ্গলি মুভিজ ওয়েবসাইট থেকে জানা গেছে, সৌমিত্র এ পর্যন্ত ১৩২টি ছবিতে অভিনয় করেছেন।