সত্যতা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ, যথাযথ ব্যবস্থার আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরেজমিন পরিদর্শন করে সিলেটে মলাইটিলার চূড়ায় ‘পুকুর’ খননের সত্যতা নিশ্চিত করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ আইনকে ফাঁকি দিয়ে টিলা ধ্বংস করার কৌশল হিসেবেই ওই পুকুরসদৃশ বিশাল গর্ত খোঁড়া হয়েছে বলে সংশ্লিষ্ট সবার ধারণা।গতকাল বৃহস্পতিবার প্রথম আলোয় এ নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে সরেজমিনে তদন্ত করে কর্তৃপক্ষ। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জানিয়েছেন, ঘটনার সত্যতা পাওয়ায় তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মারাত্মক ক্ষতিগ্রস্ত টিলাটি রক্ষায় চূড়ার ‘পুকুর’ দ্রুত ভরাট করার ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) স্থানীয় নেতারা।পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, সিলেট শহরতলির খাদিমপাড়া ইউনিয়নের টিলাটি নিয়ে পরিবেশ অধিদপ্তরের মামলা চলমান থাকা অবস্থায় এ ধরনের ঘটনা দেখে সরকারি পরিদর্শনকারী দল বিস্মিত হয়েছে। গতকাল সকালে ঘণ্টা খানেক এলাকায় থেকে তাঁরা সম্ভাব্য জড়িতদের ব্যাপারে খোঁজ নিয়েছেন।পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. জিল্লুর রহমান বলেন, ‘প্রথম আলোয় প্রতিবেদন দেখে একজন উপপরিদর্শকের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পাওয়া গেছে। এর আগে দায়ের করা মামলাটি আবারও গভীরভাবে তদন্ত করা হচ্ছে।’জিল্লুর রহমান জানান, নাম পাওয়া গেলে টিলা কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের ওই মামলায় অভিযুক্ত করে অচিরেই অভিযোগপত্র দেওয়া হবে। টিলার নিচের দিকে কাটার উদ্যোগ নেওয়া হলে মামলাটি করা হয়েছিল।এদিকে মলাইটিলা রক্ষায় চূড়ার পুকুর ভরাট করার দাবি জানিয়েছেন বাপার সিলেটের নেতারা। সংগঠনের সাধারণ সম্পাদক এ কে কীম প্রথম আলোকে বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের উচিত, সবার আগে টিলা রক্ষায় ওই পুকুর ভরাট করা এবং পরে আইনগত ব্যবস্থা নেওয়া। আমরা সংগঠনের পক্ষ থেকে পরিবেশ অধিদপ্তরকে এ ব্যাপারে বলেছি। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিদের আমাদের কাছে নির্লিপ্ত মনে হয়েছে।’বাপার এ মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক বলেন, ‘একটি মামলা থাকায় আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। ওই মামলায় আসামিরাই এ কাজ করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’ জিল্লুর রহমান বলেন, তিনি পরিবেশের জন্য যা ভালো, তা-ই করা হবে বলে বাপাকে আশ্বাস দিয়েছেন। গতকাল প্রথম আলোয় ‘টিলার চূড়ায় “পুকুর”’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।