এক যুগ প্রথম আলো তার যাত্রার ১২ বছর পূর্ণ করছে আগামী ৪ নভেম্বর। এক যুগ পূর্তি উপলক্ষে নেওয়া হয়েছে নানা অনুষ্ঠান ও আয়োজনের বিভিন্ন উদ্যোগ। প্রথম আলোর বিভিন্ন দিক ও বিষয় নিয়ে ১২টি ধারাবাহিক নিবন্ধের দ্বিতীয়টি ছাপা হলো আজ
সত্যানুসন্ধানে নিরন্তর চেষ্টা
নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও যথার্থ—প্রতিনিয়ত নিশ্চিত করা সংবাদের এই উপাদানগুলোই প্রথম আলোকে দায়িত্বশীল সংবাদপত্রে পরিণত করেছে। তাই প্রথম আলোর ১২ বছর মানে সুসাংবাদিকতার ১২ বছর, পেশাদারির ১২ বছর।গত এক যুগে প্রথম আলোর বিভিন্ন প্রতিবেদন রাজনৈতিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে যেমন ইতিবাচক প্রভাব-প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, একই সঙ্গে ইতিবাচক পরিবর্তনের দিকে জনমত গঠনে পালন করেছে বিশেষ ভূমিকা। আবার অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে উন্মোচন করা হয়েছে ঘটনার পেছনের ঘটনা, খুলে দেওয়া হয়েছে ঘটনার কুশিলবদের মুখোশ। অনেক ক্ষেত্রে এ জন্য নানা হুমকি, হামলা-মামলাও মোকাবিলা করতে হয়েছে প্রথম আলোকে। কিন্তু সত্যানুসন্ধান থেকে সরে আসেনি প্রথম আলো। জঙ্গিবাদের স্বরূপ উন্মোচনআমাদের সমাজ ও রাষ্ট্রের সুষ্ঠু বিকাশের স্বার্থে প্রথম আলো শুরু থেকেই বাংলাদেশে জঙ্গিগোষ্ঠীর তৎপরতার ব্যাপারে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে আসছে। ১৯৯৮ সালের ৫ নভেম্বর প্রথম আলোর দ্বিতীয় সংখ্যার শীর্ষ খবর ছিল বাংলাদেশে লাদেনপন্থীদের তৎপরতা নিয়ে। এরপর ২০০৩ সালের নভেম্বরে ‘পাহাড়ে বর্মি জঙ্গি’ শিরোনামে তিন পর্বের প্রতিবেদনে তুলে ধরা হয় এ দেশে রোহিঙ্গা জঙ্গিগোষ্ঠীর তৎপরতা নিয়ে। ‘বৃহত্তর চট্টগ্রামে জঙ্গি তৎপরতা’ শিরোনামে পাঁচ পর্বের ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করা হয় ২০০৪ সালের আগস্টে। তখন জঙ্গিদের সমর্থক গোষ্ঠী প্রথম আলো পত্রিকার প্রকাশনা বন্ধের দাবিতে ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ, প্রথম আলোর বিলবোর্ড ভাঙচুর, পত্রিকায় আগুন এবং চট্টগ্রামের কার্যালয়ে হামলা ও মামলা করে। ২০০৪ সালের ২২ আগস্ট ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দেয় জঙ্গিসমর্থক গোষ্ঠী। এতসব আক্রমণের মুখেও প্রথম আলো দায়িত্বশীল সাংবাদিকতা থেকে সরে আসেনি।১৯৯৯ সালে যশোরে উদীচীর সম্মেলনে বোমা হামলা থেকে শুরু করে ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলা পর্যন্ত জঙ্গিবাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু প্রথম আলো নিরবচ্ছিন্ন অনুসন্ধানে প্রকৃত ঘটনা তুলে ধরার প্রচেষ্টা চালিয়ে যায়। ২০০৫ সালের ১৭ আগস্ট একযোগে ৬৩টি জেলায় বোমা হামলার পর গণমাধ্যম আর জনমতের চাপে প্রথম নড়েচড়ে ওঠে তৎকালীন প্রশাসন।অঞ্চলভিত্তিক অনুসন্ধান করে ২০০৫ সালের অক্টোবরে ‘সিলেটের জঙ্গি তৎপরতা’ নিয়ে পাঁচ পর্ব, পরের বছর মার্চে ‘জঙ্গি তৎপরতা—দক্ষিণ-পূর্বাঞ্চল’ শিরোনামে পাঁচ পর্ব এবং ২০০৮ সালের মে মাসে ‘দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জঙ্গি তৎপরতা’র ওপর তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করা হয়।২০০৫ সালের ১৮ আগস্ট থেকে প্রায় মাসব্যাপী প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জন্ম, উত্থান, তৎপরতা, দেশি-বিদেশি যোগাযোগ, মধ্যপ্রাচ্যভিত্তিক বিভিন্ন এনজিওর সম্পৃক্ততার নানা দিক তুলে ধরা হয়।দেশের সবচেয়ে পুরোনো ও বড় জঙ্গি সংগঠন ‘হরকাতুল জিহাদ (হুজি) এখনো বৈধ সংগঠন/মুফতি হান্নানের মামলা প্রত্যাহারের আবেদনে প্রতিমন্ত্রী গৌতমের সই’ শিরোনামে (৭ অক্টোবর, ২০০৫) সংবাদ প্রকাশের পর ওই বছরের ১৭ অক্টোবর সরকার হুজিকে নিষিদ্ধ ঘোষণা করে। হুজির দেশি-বিদেশি যোগাযোগ, তৎপরতা এবং বিভিন্ন সময় বিভিন্ন নাম ধারণ ও বিশেষ সংস্থার সহযোগিতায় প্রকাশ্য রাজনীতিতে আসার চেষ্টার খবরও প্রথম প্রকাশ করে প্রথম আলো।‘তানজিম’ বা ‘তাআমির উদ-দ্বীন’ নামে দেশে যে আরেকটি গোপন জঙ্গি সংগঠন সক্রিয়, সেটাও প্রথম আলোর অনুসন্ধানে বেরিয়ে আসে (‘সশস্ত্র বিপ্লব করতে চায় জঙ্গি সংগঠন তানজিম’, ৪ আগস্ট ২০০৬)।লস্কর-ই-তাইয়েবা, জইশে মোহাম্মদ, হিযবুল মুজাহিদীন, ইন্ডিয়ান মুজাহিদীন, আসিফ রেজা কমান্ডো ফোর্স, হরকাতুল মুজাহিদীনসহ বিভিন্ন দেশের জঙ্গি সংগঠনের এ দেশে তৎপরতা নিয়েও প্রথম আলোতে প্রথম অনুসন্ধানী প্রতিবেদন (‘বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান ভারতের জঙ্গিরা একসূত্রে গাঁথা’, ৩ অক্টোবর ২০০৫) ছাপা হয়। বর্তমান সরকার ক্ষমতায় এসে এসব বিদেশি জঙ্গির অনেককে গ্রেপ্তারও করেছে।শুধু ধর্মীয় জঙ্গিবাদ নয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কথিত মাওবাদী চরমপন্থী দলগুলোর সন্ত্রাসী তৎপরতা নিয়েও প্রথম আলো অনুসন্ধানী ও ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে দফায় দফায়।শেখ হাসিনাকে হত্যাচেষ্টা২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীতে শেখ হাসিনার সমাবেশে ভয়ঙ্কর গ্রেনেড হামলার তদন্ত তৎকালীন জোট সরকার ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করে। প্রথম আলো শুরু থেকেই এ ব্যাপারে অনুসন্ধান ও তদন্তের ওপর নজর রাখে। ২০০৫ সালের জুনে নোয়াখালীর সেনবাগ থেকে জজ মিয়া নামের এক যুবককে ধরে এনে তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করে সিআইডি। এ নিয়ে শুরুতেই প্রথম আলো প্রশ্ন তোলে (‘এ গল্পের গাঁথুনি দুর্বল/স্বীকারোক্তিতে সাত অসংগতি’, ২৯ জুন ২০০৫)। ‘জজ মিয়ার পরিবারকে টাকা দেয় সিআইডি’ তথ্যটিও ফাঁস করে প্রথম আলো (২১ আগস্ট ২০০৬)।২০০৫ সালে রিমান্ডে মুফতি হান্নান ২১ আগস্ট হামলায় জড়িত থাকার কথা স্বীকার করে। কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকার তা গোপন করে। এ নিয়ে ‘হরকাতুল জিহাদের ১২ জঙ্গি গ্রেনেড হামলা চালায়’ শিরোনামে ২০০৭ সালের ২১ আগস্ট প্রথম আলো বিস্তারিত তথ্যসহ প্রতিবেদন প্রকাশ করে।‘হাসিনাকে চারবার হত্যার চেষ্টা চালায় হরকাতুল জিহাদ’ শিরোনামে (২০০৮ সালের ২১ আগস্ট) প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে ২০০১ সালে খুলনা ও সিলেটে হত্যাচেষ্টার ঘটনা প্রথম প্রকাশ করে প্রথম আলো।১০ ট্রাক অস্ত্র২০০৪ সালে চট্টগ্রামে আটক হওয়া ১০ ট্রাক অস্ত্র নিয়ে প্রথম আলো দীর্ঘ অনুসন্ধান করে। ২০০৯ সালের ৫ মার্চ ‘মামলাটি ধামাচাপা দিতে প্রশাসন তৎপর ছিল’, ‘চীন থেকে বেশির ভাগ অস্ত্র কেনা হয় ভুয়া দলিলে’, ‘গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা জানতেন?’, ‘অস্ত্র খালাসের আগে চট্টগ্রামে আসেন পরেশ বড়ুয়াসহ একাধিক উলফা নেতা’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে এক পৃষ্ঠার বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে প্রথম আলো।খাম্বাকাহিনিবিএনপি-জামায়াত জোট সরকার আমলে সরকারি কেনাকাটা ও উন্নয়নকাজে ব্যাপক দুর্নীতি ছিল সবচেয়ে আলোচিত বিষয়। বিদ্যুৎ উৎপাদন বা নতুন লাইন না বাড়িয়ে শুধু বৈদ্যুতিক খুঁটি কেনার নামে কয়েক শ কোটি টাকার রাষ্ট্রীয় অর্থের অপচয় ও লুটপাট হয়। আর এসব খুঁটি সরবরাহের কাজ পায় ‘খাম্বা লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান। এ নিয়ে প্রথম আলো অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে ২০০৬ সালের ২৮ নভেম্বর। ‘ভুয়া ঠিকানায় মামুনের খাম্বার শত কোটি টাকার ব্যবসা’ শিরোনামে এ খবরে বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের লুটপাটের আরেক কাহিনি প্রকাশ পায়।নাইকো কেলেঙ্কারিসিলেটের ছাতক (টেংরাটিলায়) গ্যাসক্ষেত্রে বিস্ফোরণে বিপুল অঙ্কের জাতীয় সম্পদ ধ্বংস হয়। পরবর্তী সময়ে তদন্ত কমিটি এই অগ্নিকাণ্ডের জন্য কানাডীয় জ্বালানি কোম্পানি নাইকোর আগ্রাসী খননকে দায়ী করে। কিন্তু নাইকোর কাছে ক্ষতিপূরণ আদায়ের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বরং তৎকালীন জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন দামি গাড়ি উপহার নেন নাইকোর কাছ থেকে। ২০০৫ সালের ১৪ জুন প্রথম আলোতে এ খবর প্রকাশিত হওয়ার পর মোশাররফ হোসেন মন্ত্রিত্ব হারান। নাইকোর সঙ্গে অনৈতিক যুক্ততা ছিল তৎকালীন আইনমন্ত্রী মওদুদ আহমদের, তাও ফাঁস করে প্রথম আলো (১৮ জুলাই, ২০০৫)। গডফাদারদের মুখোশ উন্মোচনরাজনীতিতে দুর্বৃত্তায়নের ফলে নব্বইয়ের দশকের শেষ দিকে বিভিন্ন এলাকায় ক্ষমতাসীন দলের কিছু ব্যক্তি, সাংসদ বা জনপ্রতিনিধি অপরাধজগতের নিয়ন্ত্রক হয়ে ওঠেন। তাঁদের কাছে স্থানীয় প্রশাসন ছিল অসহায়। তাঁরা ‘গডফাদার’ হিসেবে কুখ্যাতি পান। প্রথম আলো এসব গডফাদারের অপকর্ম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে, যা তখন সন্ত্রাসবিরোধী জনমত গঠনে বড় ভূমিকা রাখে। এ ক্ষেত্রে ফেনীর জয়নাল হাজারী, লক্ষ্মীপুরের তাহের, গফরগাঁওয়ের আলতাফ হোসেন গোলন্দাজ, নারায়ণগঞ্জের শামীম ওসমান উল্লেখযোগ্য।একইভাবে চারদলীয় জোট সরকারের আমলে বিএনপি-জামায়াতের গডফাদারদের বেপরোয়া তৎপরতা নিয়ে ২০০৬ সালের অক্টোবরে ‘গডফাদার আছেই’ শিরোনামে ১১ পর্বের ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করা হয়। এর মধ্যে ঢাকার নাসির উদ্দীন আহম্মেদ পিন্টু, খাগড়াছড়ির ওয়াদুদ ভূঁইয়া, নাটোরের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কুষ্টিয়ার শহীদুল ইসলাম, ডেমরার সালাহউদ্দিন, নারায়ণগঞ্জের গিয়াস উদ্দিন, চট্টগ্রামের সালাউদ্দিন কাদের চৌধুরী, সাতকানিয়ার জামায়াতের শাহজাহান চৌধুরী উল্লেখযোগ্য।পরিবেশ ও জলবায়ুসিডরে ক্ষত-বিক্ষত সুন্দরবনের প্রাণ ও জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়ে। সুন্দরবনের ভাঙা গাছপালা কেটে বিক্রি করে দিতে বন-সংশ্লিষ্ট ব্যক্তিরা সরকারকে পরামর্শ দেন। এ অবস্থায় ২০০৭ সালের ২৮ নভেম্বর থেকে প্রথম আলোতে তিন পর্বে প্রতিবেদন প্রকাশিত হয় (‘বিরক্ত না করলেই বাঁচবে সুন্দরবন: ভাঙা গাছপালা না কাটার পরামর্শ’)। এরপর পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সভায় সুন্দরবনের গাছপালা না কাটার সিদ্ধান্ত হয়। এক বছরের মাথায় একটি বর্ষা পার হওয়ার পরই সুন্দরবন তার আগের সৌন্দর্য ফিরে পায়।এ ছাড়া পরিবেশ, জলবায়ু পরিবর্তন, নদী-খাল, লেক, নর্দমা দখল, বনের জমি দখল, ভূমিদস্যুতার বিরুদ্ধে এবং পরিকল্পিত নগরায়ণের পক্ষে প্রথম আলো বিশেষ গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করে আসছে।খেলাপি ঋণদেশের আর্থিক খাতে অন্যতম বড় সংকট খেলাপি ঋণের বিষয়ে শুরু থেকেই প্রথম আলো অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে আসছে। ‘২৩টি বেসরকারি ব্যাংকের পরিচালকের কাছে নিজ ব্যাংকের ৭৫৩ কোটি টাকার খেলাপি ঋণ’ (১১ জুন ২০০১), ‘দেশের ২৭ শীর্ষ খেলাপির কাছে আটকে আছে ১৮৯৩ কোটি টাকা’ (১৩ আগস্ট ২০০১) বা ‘২০ খেলাপির কাছে ১৫ ব্যাংক জিম্মি’সহ (১৩ মার্চ ২০০৪) বেশ কিছু প্রতিবেদনের মাধ্যমে এ বিষয়ে ব্যবস্থা নিতে নীতিনির্ধারণী পর্যায়ে চাপ সৃষ্টি করা হয়। জোট সরকারের আমলে ব্যাংকিং খাতে আলোচিত ঘটনা ওরিয়েন্টাল ব্যাংকের কেলেঙ্কারির খবরও প্রথম প্রকাশ করে প্রথম আলো (‘ওরিয়েন্টাল ব্যাংকের ভেতর ফাঁপা, ব্যয় আছে আয় নেই’, ১৩ জুন ২০০৬)। পরে গ্রাহকদের স্বার্থে ব্যাংকটি অধিগ্রহণ করে বাংলাদেশ ব্যাংক।ভুয়া ভোটার তালিকাবিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি আবদুল আজিজের সময় ভুয়া ভোটার তালিকা তৈরির খবরও সংবাদপত্রে প্রথম ফাঁস করে প্রথম আলো (‘ভুয়া ভোটার করতে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছিল’, ১৮ মে ২০০৬)। এতে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অপচেষ্টা ফাঁস হয়ে পড়ে। জনশক্তি রপ্তানিপ্রতারক ও দালাল চক্রের খপ্পরে পড়ে এই প্রবাসী শ্রমিকদের নানা দুর্ভোগে পড়ার খবর নতুন নয়। তাঁদের অনেকেই যে ভিন দেশে প্রতিকূল পরিস্থিতি, ক্ষেত্র বিশেষে শারীরিক-মানসিক নির্যাতনের কারণে লাশ হয়ে ফিরছেন, তার ভয়াবহ চিত্র গত বছরের ১৬ এপ্রিল প্রথম আলোতে প্রকাশিত হয় (‘তিন মাসে লাশ হয়ে ফিরেছেন ৬৩৫ বাংলাদেশি/প্রতিদিন গড়ে লাশ এসেছে সাতটি’), যা সংশ্লিষ্ট সব মহলকে ব্যাপকভাবে নাড়া দেয়।আওয়ামী ও বিএনপি-পল্লিরাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দের ক্ষেত্রে অনিয়মের খবর এখন আর নতুন নয়। এ ক্ষেত্রে বড় ধরনের অনিয়ম নিয়ে ১৯৯৯ সালের ১০ জুলাই প্রকাশিত খবর (‘গুলশান বনানী উত্তরায় আওয়ামী-পল্লি!’) ছিল বহুল আলোচিত। এরপর ওই প্লট বরাদ্দ বাতিল করে সরকার। জোট সরকারের আমলেও একই রকম অনিয়ম হয়। তখনো প্রথম আলো তা ফাঁস করে অনেক প্রতিবেদন ছেপেছে (যেমন: ‘ন্যাম ভবন এবার বিএনপি-করণ!’, ২৬ জুন ২০০৩)।বিভিন্ন মন্ত্রী, সাংসদদের অনিয়ম, দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডও প্রথম আলো বস্তুনিষ্ঠতার সঙ্গে প্রকাশ করে আসছে।উন্নয়ন ও বৈষম্যদারিদ্র্যের দিক থেকেও বাংলাদেশ যে দুই ভাগে ভাগ হয়ে গেছে এবং দিন দিন ব্যবধান বাড়ছে, এই চিত্রও প্রথম আলো প্রকাশ করে (যেমন: ‘আঞ্চলিক বৈষম্যে বাংলাদেশ বিভক্ত/পূর্বাঞ্চল এগিয়ে, পশ্চিমাঞ্চল পিছিয়ে’, ৮ সেপ্টেম্বর ২০০৮)। এখন এই বৈষম্য নিরসনের উদ্যোগ দেখা যাচ্ছে সরকারের বাজেট বরাদ্দেও।উত্তরাঞ্চলের শিল্পায়নের সমস্যা-সংকট বা দুর্দশা, উত্তরণের পথ নিয়েও প্রথম আলো একাধিক দফায় ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেছে।আরও যত বিষয়চট্টগ্রাম বন্দর যাতে সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত ও সচল থাকে, তার জন্য প্রথম আলো অব্যাহত খবর প্রকাশ করে আসছে। ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসীদের অধিকার, পার্বত্য চট্টগ্রামের সমস্যা-সংকট নিয়েও প্রথম আলো সব সময় সত্যানুসন্ধানী। বিচার বিভাগের স্বাধীনতা, পুলিশে সংস্কার, জনপ্রশাসন, বিদ্যুৎ ও জ্বালানি খাত, রেলওয়ে, নৌ-যোগাযোগব্যবস্থার ওপর এবং রাজনীতির ভেতরের খবর প্রকাশ করার ক্ষেত্রেও প্রথম আলো সব সময় দায়িত্বশীল ভূমিকা রেখেছে।সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে প্রথম আলো অন্যান্য বিষয়ের মতো মাদকবিরোধী বেশকিছু অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। একই সঙ্গে কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাত, নারী-শিশুর পুষ্টি, এসিড-সন্ত্রাস, নারীদের উত্ত্যক্ততার (ইভ টিজিং) বিষয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশকে প্রথম আলো সব সময় অগ্রাধিকার দিয়ে আসছে।শুধু অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদনই নয়, দৈনন্দিন ঘটনা-দুর্ঘটনা, অনুষ্ঠান আয়োজন, সাফল্য-ব্যর্থতার সব খবরই প্রথম আলো প্রকাশ করেছে সাংবাদিকতার নীতি-মূল্যবোধকে সমুন্নত রেখে। কোনো কোনো ক্ষেত্রে প্রকাশিত সংবাদে হয়তো অনিচ্ছাকৃত ভুলত্রুটি হয়ে যায়। নজরে এলে তা শুধরেও নেয় প্রথম আলো।সত্যানুসন্ধানের এই নিরন্তর চেষ্টাকে প্রথম আলোর এগিয়ে যাওয়ার মূলমন্ত্র বলে মনে করেন এর প্রত্যেক সংবাদকর্মী।পাটের জিন-নকশাপ্রবাসী বিজ্ঞানী মাকসুদুল আলম পাটের জীবনরহস্য উন্মোচনের জন্য ২০০৮ সাল থেকে গবেষণা চালিয়ে যাচ্ছিলেন। ‘স্বপ্নযাত্রা’ নামে বিজ্ঞানীদের একটি দল গঠন করে গবেষণাটি কিছুদূর এগিয়ে নিলেও অর্থাভাবে তা থমকে গিয়েছিল। এ নিয়ে ২০০৯ সালের ৮ নভেম্বর প্রথম আলোতে ‘পেঁপের পর রাবারের জিন-নকশা উন্মোচন করলেন মাকসুদুল আলম: উন্মোচিত হোক আমাদের পাটের জিন-নকশা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।মাকসুদুল আলম এক সাক্ষাৎকারে বলেন, ‘ডিসেম্বরের প্রথম সপ্তাহে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আমাকে মালয়েশিয়ায় টেলিফোন করলেন। বললেন, প্রথম আলোতে আপনার ওপর লেখাটি পড়লাম। আপনি দেশে আসেন। যত ধরনের সহযোগিতা লাগবে আমরা দেব।’২০০৯ সালের ডিসেম্বরে মাকসুদুল আবার গবেষণা শুরু করেন। গত ১৬ জুন জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাকসুদুল আলমের নেতৃত্বে বাংলাদেশ পাটের জীবনরহস্য উন্মোচন করেছে বলে আনুষ্ঠানিক ঘোষণা দেন।