সত্যি, কোনো রূপকথার গল্প নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এমন যদি হতো,/ ইচ্ছে হলেই আমি হতাম প্রজাপতির মতো’। সত্যি কেমন হতো! যদি ইচ্ছাগুলো পূরণ হতো। খুব কি মজা হতো? অনেক বেশি আনন্দের ঘটনা। উল্টে দিয়ে পাল্টে দিলে সত্যি কেমন হয়? স্যাররাই তো প্রশ্ন করেন, প্রতিদিন, প্রতিটি ক্লাসে, উঠতে-বসতে। এমন যদি হতো, স্যারদের প্রশ্ন করা যেত। তাহলে কি স্যাররা রেগেমেগে যেতেন, চোখ বড় বড় করে কষে একটা ধমক দিতেন? না, তেমন তো কিছুই হলো না। উল্টো প্রশ্ন করার জন্য বই উপহার পাওয়া গেল। উত্তর তো মিলেছেই, উপরি হিসেবে পাওয়া গেছে বই, নিদেনপক্ষে জুস।না, এটি কোনো রূপকথার গল্প নয়, সত্যি গল্প, যে গল্পের আসর বসেছিল যশোর জিলা স্কুল প্রাঙ্গণে, তারিখটা ছিল ১৩ মার্চ। ওখানে সমবেত হয়েছিল ওই অঞ্চলের ১৩টি জেলার ৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় ৮০০ শিক্ষার্থী। প্রথমেই বুদ্ধিদীপ্ত এক প্রশ্ন করল কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী প্রজ্ঞা পারমিতা। তার প্রশ্ন, আমার নাম শুনে অনেকে আমাকে হিন্দু মনে করে। মানুষের নামের সঙ্গে ধর্মের সম্পর্ক কী? এত সুন্দর প্রশ্ন করেও পুরস্কার পায়নি প্রজ্ঞা। কেননা, প্রশ্ন হতে হবে ভাষাসংক্রান্ত।দেখতে দেখতে ভাষার তুবড়ি ছুটল। শুরু হলো প্রশ্নের পর প্রশ্ন। যেমন ১. বাংলা ভাষায় অন্য ভাষার কোটেশন ব্যবহার করা হয়। সেটা জরুরি কি? অন্য ভাষাভাষীরা বাংলা ভাষায় কোটেশন ব্যবহার করে কি? ২. সৃজনশীল শিক্ষাপদ্ধতি কী? ৩. ত থাকলে আবার ৎ কেন? ৪. ভাষার ছন্দ কী? ৫. বাংলা ভাষায় লেখা বা বলার ক্ষেত্রে আমরা ইংরেজি যোগ করি কেন? ৬. হ্রস্ব-ই কার থাকলে দীর্ঘ-ঈ কার কেন। ৭. ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পাকিস্তানে পালিত হয় কি না, ৮. চন্দ্রবিন্দু কখন কোন শব্দে ব্যবহার করা হবে। ৯. উ-কার ও ঊ-কারের মধ্যে পার্থক্য কী? ১০. এই আয়োজনের নাম ভাষা ‘প্রতিযোগ’ কেন—‘প্রতিযোগিতা’ নয় কেন? এভাবে মুহূর্তের মধ্যে যে প্রশ্নের বান ডেকে যাবে, কে-ই বা জানত। কে-ই বা বলবে এই শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে পরীক্ষা দিয়েছে। অবশ্য পরীক্ষার্থীদের অভিমত, এটি ঠিক পরীক্ষা নয়, ‘পরীক্ষা পরীক্ষা খেলা’। যশোর জিলা স্কুলের একটি কক্ষে চলছে শ্রেষ্ঠ ৫২ প্রতিযোগীকে নম্বরের ভিত্তিতে বাছাইয়ের কাজ। শিক্ষার্থী আর অভিভাবকদের উপস্থিতিতে পুরো স্কুল প্রাঙ্গণ সেজেছে উৎসবের আমেজে, যার শুরুটা হয়েছিল সকাল ১০টায় জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা ও ভাষা প্রতিযোগের পতাকা উড়িয়ে। বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নূরুল আমিন। সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আজিজুল হক, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হাবিব রহমান, শিক্ষাবিদ অধ্যাপক আমিরুল আলম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর, যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হোসনেয়ারা খাতুন, কোটচাঁদপুরের সরকারি খন্দকার মোশারফ হোসেন কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার হোসেন এবং ঝিনাইদহ ক্যাডেট কলেজের বাংলা বিভাগের প্রভাষক সাইফুল আলম। তাঁরা মঞ্চে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিতে ব্যস্ত। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন প্রথম আলোর সহকারী সম্পাদক জাফর আহমদ। তিনি ঘোষণা দিলেন, কথা বলার জন্য বিরতি দেওয়া হবে। সুতরাং প্রশ্ন করার সময় এবং উত্তর দেওয়ার সময় কোনো কথা বলা যাবে না। যখন কথা বলতে ইচ্ছে করবে, বলবে। সঙ্গে সঙ্গে দেওয়া হবে বিরতি। তখন বলা যাবে যত ইচ্ছা, তত কথা। সবাই ঘাড় নেড়ে সম্মতি জানাল। চলতে থাকল অনুষ্ঠান। একসময় মনে হলো, সবাই বোধ হয় উসখুস করছে। দেওয়া হলো বিরতি। নেমে গেল উসখুস আর সব কথা। কথা বিরতি হলো কথাহীন।শিক্ষার্থীরা সঞ্চালকের দৃষ্টি আকর্ষণে সারাক্ষণ ব্যস্ত। সেটি সম্ভব হলেই কেবল সুযোগ পাওয়া যাবে প্রশ্ন করার। ভালো একটা প্রশ্ন করতে পারলে মিলে যাচ্ছে বই। তাই প্রশ্ন করা নিয়ে ছিল রীতিমতো প্রতিযোগিতা—কেউ কারে নাহি জিনে সমানে সমান। কেউ কেউ আবার একটা প্রশ্নেই ক্ষান্ত নয়, একাধিক প্রশ্ন করা চাই-ই চাই। যেন এক নিমেষে করে ফেলতে চায় রাজ্যের সব প্রশ্ন। প্রশ্ন করার পর কোনো কোনো প্রতিযোগী দাঁড়িয়েই থাকে। কারণ, বই চাই তার। একসময় শেষ হয় বইয়ের মজুদ। কিন্তু প্রশ্ন শেষ হয় না। ভালো প্রশ্নের জন্য এখন কী দেওয়া হবে? না, বঞ্চনা নয়, বই না থাকলে কী হবে? জুস তো আছে। সুতরাং উপহার হিসেবে তখন বইয়ের জায়গা করে নিল জুস। যেভাবে অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে জায়গা করে নিয়েছিল আরও কিছু আয়োজন। শুভেচ্ছা বক্তব্য দেন জিলা স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, এক ফাঁকে তাঁর হাতে ভেন্যু স্মারকও তুলে দেওয়া হয়। শুভেচ্ছা জানান, এইচএসবিসির পক্ষে এ বি এম ওসমান গনি ও প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম। পুরো আয়োজনের সঙ্গে সব ধরনের সহযোগিতা করেছেন প্রথম আলো যশোর বন্ধুসভার সদস্যরা। যেন নিজের বাড়ির আঙিনায় হচ্ছে আয়োজন। তাকে কতভাবে, কী প্রকারে ভালো করা যায়, সবার মনমতো করা যায়, তাই নিয়ে প্রাণান্ত প্রচেষ্টার কমতি ছিল না তাঁদের। হাত বাড়ালেই বন্ধুর মতো তাঁরা ছিলেন সারাক্ষণ। ফাঁকে নাচ ও গানের ডালি নিয়েও হাজির ছিলেন অ্যানি ও ইমরান। শুধু কি মুখে মুখে প্রশ্ন? লিখে প্রশ্ন করারও সুযোগ ছিল, তাতেও রীতিমতো হুমড়ি খেয়ে পড়া। কথাবিরতির ফাঁকে প্রশ্নের পাহাড় জমে উঠল। সেসবের মধ্য থেকে নির্বাচিত কয়েকটি প্রশ্নের যথাযথ জবাব দিলেন তারিক মনজুর। একটি করে উত্তর দেন আর শিক্ষার্থীরা জেনে আনন্দে পুলকিত হয়। সৈয়দ আজিজুল হক একবার হাজির হলেন ডায়াসে। মাত্র পাঁচ মিনিটে বললেন রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কবির জন্মশতবর্ষে ভাষা প্রতিযোগের এই শ্রদ্ধার্ঘ্য নিবেদন। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে শিক্ষার্থী আর অভিভাবকেরা ব্যস্ত ছিলেন প্রথমা বইয়ের দুনিয়া থেকে বই কেনায়। ঘড়ির কাঁটা বেলা দুইটা পেরিয়েছে। পেটে পড়েছে কেক আর জুস। তার পরও শিক্ষার্থীদের নেই ক্লান্তি ও অস্বস্তি কিংবা বিন্দুমাত্র তাড়াহুড়ো। বরং হালকা ক্লান্তি দেখা দিলেও তা জাদুর ফুৎকারের মতো উড়িয়ে দিলেন ঢাকা থেকে যাওয়া ক্লোজআপ সংগীত তারকা সাব্বির।একে একে শেষ হলো সব আয়োজন, রইল বাকি ঢাকায় আসার সুযোগ পাওয়াদের পুরস্কৃত করা। যথা নিয়মে তাও হলো। বেজে উঠল বিদায়ের ঘণ্টা, সবাই একযোগে গেয়ে উঠল, ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি...’। গানে গানে এই প্রত্যয় ব্যক্ত হওয়ার পাশাপাশি আরও একটি প্রত্যয় শোভা পাচ্ছিল ভাষা প্রতিযোগের টি-শার্টে। যেখানে লেখা: ‘বাংলা ভাষায় কাঁদি হাসি, সকল ভাষা ভালোবাসি’।