বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সবুজ চত্বরের মাঝখানে জমকালো মঞ্চ। পরিবেশটাই উদ্দীপনামূলক। মঞ্চে সত্যেন সেনের ছবি। গতকাল ২৮ মার্চ ছিল তাঁর ১০৬তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ‘সুরের আগুন ছড়িয়ে দাও বাংলা জুড়ে/ কাটবে আধার বাঁচবে মানুষ লড়াই করে’ স্লোগান নিয়ে গতকাল বুধবার বিকেলে শুরু হয়েছে দুই দিনের সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা।সাহিত্যিক, সাংবাদিক, কৃষকনেতা সত্যেন সেন তাঁর রাজনৈতিক প্রজ্ঞা থেকেই গণসংস্কৃতিচর্চার পথ বেছে নিয়েছিলেন। প্রতিষ্ঠা করেছিলেন উদীচী শিল্পীগোষ্ঠীর মতো বিপ্লবী ও গণমানুষের সাংস্কৃতিক সংগঠন। তাঁর জন্মদিন উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চতুর্থবারের মতো আয়োজন করেছে গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা। জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয় উৎসবের কার্যক্রম। দিনব্যাপী চলে প্রতিযোগিতা। দেশের সাতটি বিভাগে একক এবং দলীয় পর্যায়ের বিজয়ীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেন।প্রতিযোগিতার কার্যক্রম শেষে বিকেলে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন চারণ গণসংগীতশিল্পী শরীফ শাহ্ দেওয়ান। এ সময় উদীচী কেন্দ্রীয় সংসদের শিল্পীদের পরিবেশনায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও উদীচীর দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলুন ও পায়রা ওড়ান উৎসবে আমন্ত্রিত অতিথিরা। এ সময় গ্রামবাংলার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ঢাকঢোল বাজিয়ে উৎসব প্রাঙ্গণ মাতিয়ে তোলেন বাদ্যশিল্পীরা। উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের শিল্পীরা। উদ্বোধনী দিনের প্রথম পর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি গোলাম মোহাম্মদ। বক্তব্য দেন প্রধান অতিথি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সন্জীদা খাতুন, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, যাত্রাশিল্পী জ্যোৎস্না বিশ্বাস, গণসংগীতশিল্পী ফকির আলমগীর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, উদীচীর সাধারণ সম্পাদক হাবিবুল আলম, সহ-সাধারণ সম্পাদক প্রবীর সরদার প্রমুখ।উদ্বোধনী দিনের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। উদীচী কেন্দ্রীয় সংসদের শিল্পীদের পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্বের কার্যক্রম। এরপর সংগীত পরিবেশন করে গণসংগীত দল ঋষিজ শিল্পীগোষ্ঠী, বহ্নিশিখা, সমগীত, শিল্পী শাহীন সামাদ, বুলবুল মহলানবিশ, শেখ আলাউল এবং উৎসবে আমন্ত্রিত ভারতের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী গণসংগীত দল ‘ক্যালকাটা কয়্যার’।উৎসবের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী ও সংগীতানুষ্ঠান।সত্যেন সেন শিল্পী গোষ্ঠীজাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে গান, আবৃত্তি ও আলোচনায় স্মরণ করা হলো তাঁকে। সত্যেন সেনকে। অনুষ্ঠানে ‘সত্যেন সেন পদক’ প্রদান করা হয়। আয়োজন করে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। আলোচনায় অংশ নেন হায়াৎ মামুদ, রামেন্দু মজুমদার, হাসান আরিফ, আহ্কামউল্লাহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মানজারুল ইসলাম চৌধুরী। অলোচনা শেষে মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখার জন্য সত্যেন সেন পদক তুলে দেওয়া হয় আমজাদ আলী খন্দকারকে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে আনন্দন, বহ্নিশিখা, স্বভূমি লেখক ও শিল্পী কেন্দ্র, ঋষিজ শিল্পীগোষ্ঠী, নৃত্যম এবং স্পন্দন। আবৃত্তি করে চারুবাক ও কণ্ঠশীলন। এ ছাড়া একক গান ও দলীয় পরিবেশনাও ছিল।