সদর রাইফেল ব্যাটালিয়নের ৭৩৫ জনকে হাজিরের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে সদর রাইফেল ব্যাটালিয়নের ৭৩৫ জনকে কাল সোমবার আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৬-এ আজ রোববার এ নির্দেশ দেন। আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম।সকাল ১০টায় আদালতের কার্যক্রম শুরু হয়ে চলে বেলা দুইটা পর্যন্ত। সদর ব্যাটালিয়নের সুবেদার জাহাঙ্গীর আলম আদালতে জানান, এ মামলার আসামি ৭৩৫ জন। তাঁদের মধ্যে ২৯৮ জন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির মামলায় গ্রেপ্তার আছেন। বাকি ৪৩৭ জনকে গ্রেপ্তারের জন্য তিনি আবেদন জানান। তাঁরা সদর ব্যাটালিয়ানেই দায়িত্বরত আছেন।আদালতে জাহাঙ্গীর আলম বলেন, মহাপরিচালকসহ সদর দপ্তরের কর্মকর্তাদের বাসভবনের নিরাপত্তার দায়িত্ব ছিল সদর ব্যাটালিয়নের সদস্যদের। কিন্তু তাঁরা তা না করে বিদ্রোহে অংশ নেন।আদালত সুবেদার জাহাঙ্গীর আলমের আবেদন আমলে নিয়ে ৪৩৭ জনকে গ্রেপ্তার করে কাল ৭৩৫ জনকেই আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন।