সদর রাইফেলের অভিযোগ গঠনের শুনানি ২ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত সদর রাইফেল ব্যাটালিয়নের ৭৩৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন আগামী বছরের ২ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে। আজ সোমবার ৭৩৫ জন আসামির উপস্থিতিতে পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৬ এই নির্দেশ দেন। আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম। তাঁকে সহায়তা করেন বিডিআরের কর্মকর্তা লে. কর্নেল মো. নুরুল আলম ও মেজর মো. আলী মুসতাইন খান এবং অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী ইজারুল হক আকন্দ আদালতে উপস্থিত ছিলেন।আজ সকাল ১০টা ৪০ মিনিটে আদালতের কার্যক্রম শুরু হয়ে চলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। ব্যাটালিয়নের অধিনায়ক ও কৌঁসুলি লে. কর্নেল বদরুল আলম তাঁর বক্তব্য উপস্থান করেন। পরে আদালত অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করে আগামী বছরের ২ ফেব্রুয়ারি পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করেন। গতকাল আদালত এ মামলার ৭৩৫ আসামিকে আজ আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিলেন। এসব আসামির মধ্যে ২৯৮ জন সিআইডির তদন্তাধীন মামলায় কারাগারে ছিলেন। ইউনিটে থাকা বাকি ৪৩৭ জনকে গ্রেপ্তার করে আজ আদালতে হাজির করা হয়। মামলার বাদী সুবেদার মুন্সী জাহাঙ্গীর আলম।