‘২৫ ফেব্রুয়ারি সকালে সদর রাইফেল ব্যাটালিয়নের জওয়ানেরা হায়েনার মতো আচরণ করেছিল। তারা নিজের ইউনিটের অধিনায়ককে ইউনিটের ভেতরেই নির্মম নির্যাতনের পর খুন করে। কর্মকর্তার লাশ নিয়ে তারা উল্লাসে ফেটে পড়ে। নারী কর্মকর্তাও তাদের হাত থেকে রেহায় পাননি। নারী কর্মকর্তাকে তারা টেনেহিঁচড়ে নির্যাতন করে।’পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৬-এ এভাবেই সদর রাইফেল ব্যাটালিয়নের ৭৩৫ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ এনে বিচার দাবি করেন ব্যাটালিয়নের অধিনায়ক ও কৌঁসুলি লে. কর্নেল বদরুল আলম। এর আগে এসব জওয়ানের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান মামলার বাদী সুবেদার মুন্সী জাহাঙ্গীর আলম। অভিযোগ শোনার পর আদালত সদর রাইফেল ব্যাটালিয়নের ৭৩৫ জনকে গ্রেপ্তার করে আজ সোমবার সকাল ১০টায় আদালতে হাজির করার নির্দেশ দেন। এসব আসামির মধ্যে ২৯৮ জন সিআইডির তদন্তাধীন মামলায় কারাগারে আছেন। বাকি ৪৩৭ জন মুক্ত অবস্থায় ইউনিটে আছেন।বিডিআরের কর্মকর্তারা জানান, গতকালই প্রথম একসঙ্গে এত অধিকসংখ্যক জওয়ান অভিযুক্ত হলেন। তবে গতকাল এসব জওয়ানের কেউ আদালতে ছিলেন না। আজ তাঁদের আদালতে হাজির করা হবে।বিশেষ আদালত-৬-এর কার্যক্রম শুরু হয় সকাল সাড়ে ১০টায়। বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম আদালতে সভাপতিত্ব করেন। তাঁকে সহায়তা করেন বিডিআরের কর্মকর্তা লে. কর্নেল মো. নুরুল আলম ও মেজর মো. আলী মুসতাইন খান এবং অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী ইজারুল হক আকন্দ আদালতে উপস্থিত ছিলেন।আদালতে কৌঁসুলির দায়িত্ব পালন করেন সদর রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. বদরুল আলম। বিশেষ কৌঁসুলি হিসেবে মোশাররফ হোসেন ও বেলায়েত হোসেন আদালতে উপস্থিত ছিলেন।গতকাল আদালতের শুরুতেই মামলার বাদী সদর রাইফেলের সুবেদার মুন্সি জাহাঙ্গীর আলম ৭৩৫ জওয়ানের নাম উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। তিনি বলেন, বিডিআর বিদ্রোহের দিনে দরবার হলে মোট আড়াই হাজার জওয়ান ছিলেন। এঁদের মধ্যে সদর রাইফেলের জওয়ান ছিলেন ২০৫ জন। তাঁরা সেদিন দরবার হল ত্যাগ না করলে বিদ্রোহ হতো না। তিনি জওয়ানদের নাম উল্লেখ করে বলেন, ২০৫ জওয়ান দরবার হল ত্যাগ করে কর্মকর্তাদের আটক করার কাজে সহায়তা করেন। ৪৫ জন এমটি সৈনিক লাইনে গিয়ে বিদ্রোহীদের সঙ্গে যোগ দেন। মহাপরিচালকের বাসভবনের দায়িত্বে ছিলেন চারজন। দরবার হলে মহাপরিচালকের নিরাপত্তার দায়িত্বে ছিলেন পাঁচজন, তাঁরাও বিদ্রোহে যোগ দেন। ২৮৭ জন গোলাবারুদ নিয়ে বিদ্রোহে অংশ নেন। ৩৪ জন বিদ্রোহের পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন। এভাবে তিনি ৭৩৫ জনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে তাঁদের গ্রেপ্তারের দাবি জানান।অভিযোগ শোনার পর আদালতের প্রধান তাঁকে বলেন, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন কি না। উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ ছিলাম।’ এরপর আদালত জানতে চান, এঁদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ আছে কি না। উত্তরে বলেন, ‘আছে।’আদালত কৌঁসুলির বক্তব্য জানতে চান। কৌঁসুলি লে. কর্নেল বদরুল আলম বলেন, বিডিআরের সব আইন জানা সত্ত্বেও আসামিরা তৎকালীন ডিজির আদেশ ও নির্দেশ ইচ্ছাকৃতভাবে অমান্য করে অন্য বিডিআর সদস্যদের সঙ্গে দরবার হল ত্যাগ করেন। তাঁরা দায়িত্ব পালন না করে বিদ্রোহ ও বিদ্রোহ-পূর্ব ষড়যন্ত্রকারী, অস্ত্রধারী ও নৈরাজ্য সৃষ্টিকারীদের সঙ্গে সরাসরি বিদ্রোহে অংশ নিয়ে হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, অস্ত্র লুট ও লুটতরাজ চালান। তাঁরা দরবার হলে কর্মকর্তাদের মৃত্যুর মুখে ঠেলে দেন, কর্মকর্তাদের লাশ নিয়ে উল্লাস করেন। তিনি সদর রাইফেলের অধিনায়কের নাম উল্লেখ করে বলেন, মেজর মুস্তাক মাহমুদ সেদিন নিজের ইউনিটে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু সৈনিক ও তাঁর রানার মিলে তাঁকে হত্যা করেন। আদালত এসব অভিযোগ শোনার পর অভিযুক্ত সবাইকে গ্রেপ্তারের আদেশ দেন।